বঙ্গভবনে মোদী
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পক্ষে মুক্তিযুদ্ধ সম্মাননা নিতে বঙ্গভবনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার দুপুর ১২টা ৪০ মিনিটে মোদী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন এবং রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম গাড়ি বারান্দায় তাকে স্বাগত জানান।
এরপর রাষ্ট্রপতি নিজে ফুল দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীকে বঙ্গভবনে অভ্যর্থনা জানান। এর কিছুক্ষণ পরে বঙ্গভবনে ঢোকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতির সঙ্গে মোদীর সৌজন্য সাক্ষাত হবে। এরপর দরবার হলে হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দৃঢ় সমর্থনের কথা স্মরণ করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করা হবে এ অনুষ্ঠানে। তার পক্ষে সম্মাননা নেবেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মান জানানোর সিদ্ধান্ত নেয়। সর্বোচ্চ সম্মান স্বাধীনতা সম্মাননা দেওয়া হয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে।
২০১২ সালের ২৫ জুলাই ইন্দিরার পুত্রবধূ সোনিয়া গান্ধীর হাতে সেই সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
এক বছর আগে দায়িত্ব নেওয়ার পর শনিবার প্রথমবারের মতো ঢাকায় আসেন নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান এবং পরে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে যান।
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মোদী। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিপক্ষীয় বাণিজ্য, উপকূলীয় জাহাজ চলাচল ও দুই রুটে বাস চলাচলের বিষয়ে চারটি চুক্তিসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ১৯টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই হয়।
