ভারতীয় অনুদানে ছয় প্রকল্পের উদ্বোধন করলেন মোদী
ঢাকার বারিধারায় ভারতীয় হাই কমিশনের নতুন চান্সেরি কমপ্লেক্সে গিয়ে ছয়টি প্রকল্পের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন রোববার ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে সকাল পৌনে ১০টার দিকে বারিধারায় পৌঁছান ভারতীয় প্রধানমন্ত্রী।
সেখানে তিনি হাই কমিশনের সহায়তায় বাস্তবায়নের জন্য ছয়টি প্রকল্পের উদ্বোধন করেন। পরে কমপ্লেক্স চত্বরে রোপণ করেন বকুলের চারা।
ছবিটি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সৌজন্যে পাওয়া
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে হিন্দি বিভাগ প্রতিষ্ঠা, সংগীত বিভাগে রেকর্ডিং স্টুডিও এবং নৃত্যকলা বিভাগে সহযোগিতা প্রকল্পেরও উদ্বোধন করেন মোদী।
ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রকল্পের উদ্বোধন শেষে সবার সঙ্গে ক্যামেরার সামনেও দাঁড়ান মোদী।
মোদীর সফরের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটিও ব্যস্ততার মধ্যেই কাটবে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দুপুরে তিনি যাবেন বঙ্গভবনে।
বঙ্গভবনের পর্ব শেষে দুপুরে হোটেলে ফিরবেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তার বৈঠকের সূচি রয়েছে। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ব্যবসায়ী নেতাদেরও সাক্ষাৎ দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় ভারতীয় হাই কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে মোদী বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বক্তৃতা দেবেন। সেখান থেকে সরাসরি দেশের পথে রওনা হবেন।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে প্রথমবারের মতো ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে ‘নতুন দিগন্তের উন্মোচন’ হল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
