২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামপাল সম্পর্ককে সংকট ফেলবে’

সুন্দরবনের পাশে অবস্থিত রামপাল বিদ্যুৎ প্রকল্প ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার পরিবর্তে দীর্ঘমেয়াদি সংকটের সূত্রপাত করবে বলে বিবৃতি দিয়েছে একদল বাম রাজনীতিক, এনজিও ও অধিকার কর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 10:40 PM

Updated : 25 Apr 2022, 01:27 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে অবস্থানের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর কাছে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের ঘোষণা চেয়ে শনিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা থেকে এই বিবৃতি পাঠানো হয়।

১৯ জনের নাম সম্বলিত ওই বিবৃতিতে বিশ্ব ঐতিহ্য ও বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন ‘ধ্বংসকারী’ রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ঘোষণা দেওয়ার জন্য দুই দেশের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন- আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান বাংলার শিক্ষক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বেসরকারি সংস্থা নিজেরা করি’র খুশী কবির, গণস্বাক্ষরতা অভিযানের রাশেদা কে চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, অর্থনীতির শিক্ষক ও তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মুহাম্মদ,  সুজনের সভাপতি বদিউল আলম মজুমদার, প্রকৌশলী ইনাম উল হক, শামসুল হুদা, পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাম নেতা সাইফুল হক, ড. মো: শাহজাহান, অধ্যাপক এ এন রাশেদা, প্রকৌশলী বি ডি রহমতউল্লাহ, জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, নারী অধিকার ও এনজিও কর্মী ফরিদা আক্তার, ড. শেখ ফরিদুল ইসলাম ও ডা. মো. আব্দুল মতিন।

বিবৃতিতে বলা হয়, “ইতোমধ্যে দেশ ও বিদেশের বিশেষজ্ঞরা তথ্য-উপাত্ত দিয়ে দেখিয়েছেন যে, এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে প্রতিদিন হাজার হাজার টন মারাত্মক ক্ষতিকর গ্যাস, ছাই, কয়লা ধোঁয়া, পানি নির্গত হবে, তা সুন্দরবনকে বিপদাপন্ন করে তুলবে।”

বিবৃতিতে তারা বলেন, “আমরা আশা করব দুই দেশের প্রধানমন্ত্রী সুন্দরবন ধবংসকারক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ঘোষণা দেবেন এবং দুই দেশের সুন্দরবন রক্ষা ও বিকাশে কর্মসূচি গ্রহণ করবেন।”