২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সংঘর্ষের পর ১০ ছাত্রলীগ কর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের পর ১০ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 08:49 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগ কর্মীদের গ্রুপ ‘একাকার’ ও ‘কনকর্ড’র অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর শাহ আমানত ও শাহজালাল হল এলাকায় অভিযান চালিয়ে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে বলে হাটহাজারি থানার ওসি মো. ইসমাইল হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকরা উভয় পক্ষের কর্মী এবং তারা সবাই সংঘর্ষে জড়িত।”

এদিকে সংঘর্ষের পর নাজমুল হোসেন নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে আহত করে অপর পক্ষের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে শাহ আমানত হলের সামনে থেকে ‘একাকার’ গ্রুপের কর্মীরা নাজমুলকে ধাওয়া করে এবং সোহরাওয়ার্দী হলের সামনে তাকে কুপিয়ে জখম করে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক টিপু সুলতান জানান, নাজমুল নামে একজনকে তাদের ওখানে আনা হয়েছে।

“তার হাতের রগ কেটে গেছে এবং মাথায়ও আঘাত পেয়েছে।”

সংঘর্ষে জড়িতরা সবাই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

পুরনো খবর:

চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৭