মাদারীপুরে পাটক্ষেতে তরুণীর লাশ
মাদারীপুরের কালকিনি উপজেলায় পাটক্ষেত থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।
শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার একটি পাটক্ষেত লাশটি উদ্ধার করা হয়।
তবে তার (২০) পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ডাসার থানার এসআই প্রশান্ত কুমার জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করছি ধর্ষণের পর তরুণীটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ পাটক্ষেতে ফেলে রাখা হয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো এবং এ ঘটনায় ডাসার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
