হাসিনাকে মোদীর উপহার
অন্ধ্র প্রদেশের ভেঙ্কটাগিরিতে বোনা একটি ওয়ালম্যাট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার বিকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই উপহার তুলে দেন মোদী। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।
জামদানির আদলে বোনা কল্পবৃক্ষ ও কামধেনুর ছবি ফুটিয়ে তোলা ওয়ালম্যাটের ছবিটি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যার মধ্য দিয়ে সমৃদ্ধির প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।
হাতে বোনা তাঁতবস্ত্রের জন্য বিখ্যাত ভেঙ্কটাগিরিতে মিহি সুতায় এই উপহারটি তৈরি করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারুশিল্পী গৌরভাথিনি রামানিয়া।
দুই দিনের সফরে শনিবার সকালেই ঢাকায় নামেন নরেন্দ্র মোদী। জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের পর তিনি শীর্ষ বৈঠকে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
