বাল্য বিয়ে বন্ধে বিশেষ উদ্যোগ এসপির
বাল্য বিয়ে বন্ধে জামালপুরের পুলিশ সুপারের নেওয়া উদ্যোগ জেলায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে এ উদ্যোগের ফলে দুই ডজন বিয়ে বন্ধ হয়েছে জেলায়।
পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা যায়, বাল্য বিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে এর প্রতিরোধকল্পে একটি বিশেষ ধরনের চিঠি লিখেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
নিজের খরচে তিনি ওই চিঠির আট হাজার কপি করে জেলার সাত উপজেলার প্রতিটি গ্রামে জনপ্রতিনিধি, শিক্ষক, মোড়ল, নারী নেত্রী এবং উদ্যোগী মানুষদের কাছে পুলিশ দিয়ে চিঠিগুলো পৌঁছে দেন।
চিঠিগুলোতে পুলিশ সুপারের মোবাইল ও টেলিফোন নম্বর উল্লেখ থাকায় প্রতিদিনই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বাল্য বিয়ে সম্পর্কে নানা তথ্য তার কাছে আসতে শুরু করে।
এরপর পুলিশ সেইসব বাল্য বিয়ে বন্ধ করে দিচ্ছে।
এসপি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাল্য বিয়ের অভিশাপ সম্পর্কে মানুষকে সচেতন করতে তিনি কাজ করছেন। ইতোমধ্যে ব্যাপক সারা পেয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে।
তিনি জানান, গত ১৮ মে থেকে তার লেখা চিঠিগুলো জেলার প্রতিটি অঞ্চলে পৌঁছেছে। এরপর মাত্র ১৭ দিনে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ ২৪টি বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে।
বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্ত হওয়া কিশোরী ও তাদের অভিভাকদের নিয়ে প্রায় প্রতিদিনই তিনি মতবিনিময় করছেন বলে জানান এসপি।
তিনি জানান, তার নির্দেশে বাল্য বিয়ে প্রতিরোধে জেলার ৭টি উপজেলায় ৮০৩টি কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ প্রায় ৭ শতাধিক শিক্ষক, দেড় হাজার শিক্ষার্থী এবং দুই হাজার কমিউনিটি পুলিশ সদস্যদের নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনা গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি, বলেন এসপি নজরুল ইসলাম।
তিনি আরও জানান, বাল্য বিয়ে বন্ধে আইনগত যেসব ফাঁকফোকর রয়েছে তা বন্ধের জন্য পুলিশ সুপারের পক্ষ থেকে গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, বিয়ে রেজিস্ট্রেশনের পূর্বশর্ত হিসেবে একজন কাজীকে চেয়ারম্যানের সার্টিফিকেট এবং প্রাথমিক সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি বা সমমানের সার্টিফিকেট সংযুক্ত করার ব্যবস্থা রাখা যায়।
কোন সার্টিফিকেট না থাকলে বিয়ে রেজিস্ট্রেশনের জন্য সিভিল সার্জন কর্তৃক বয়সের সনদপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা যেতে পারে।
কাজী দিয়ে রেজিস্ট্রেশন না করে মৌলভীর মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার ব্যবস্থার রাখার কথা চিঠিতে বলা হয় বলে এসপি জানান।
