মোদীর সফরবিরোধী পোস্টার, ৩ হিজবুতকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরবিরোধী পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্ত্তী জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- ইশতিয়াক হোসেন (২৫), আব্দুল জাওয়াদ (২২) ও আহসান আলী মিয়া (২৪)।
এদের মধ্যে ইশতিয়াক চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এবং আহসান সরকারি কমার্স কলেজের ছাত্র।
আর জাওয়াদ নগরীর ইস্পাহানি পাবলিক স্কুল থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বলে পুলিশ পরিদর্শক সুকান্ত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতীয় প্রধানমন্ত্রীর সফর ও রাষ্ট্রবিরোধী পোস্টার সাঁটছিল। এ সময় ছাত্ররা তাদের আটক করে পুলিশে খবর দেয়।”
পরে পুলিশ গিয়ে বেশ কিছু ‘রাষ্ট্রবিরোধী’ পোস্টার উদ্ধার করে এবং ওই তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বলে জানান সুকান্ত।
