সিরাজগঞ্জে মাইক্রোচাপায় বাবা-মেয়েসহ ৪ ভটভটিযাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় মাইক্রোবাসের চাপায় বাবা-মেয়েসহ ভটভটিতে থাকা চার আরোহীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও চারজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টার দিকে চেয়ারম্যান মার্কেট এলাকায় হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার বড়ধুল গ্রামের আবদুল হামিদ (৬৫), তার মেয়ে রেহানা খাতুন ইতি (২২), সলঙ্গা থানার বড়গোজা গ্রামের নবা ফকিরের মেয়ে চায়না খাতুন (২৬) এবং চায়নার শ্বশুর রজব আলী (৫২)।
নিহতদের মধ্যে দুই নারী ঘটনাস্থলেই মারা যান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রজব এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে হামিদের মৃত্যু হয়।
এসআই আশরাফ বলেন, মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে তার বাহন পাশের ভটভটিকে চাপা দেয়।
“এতে ভটভটিটি দুমড়ে মুচড়ে যায় এবং এর আরোহীরা মাইক্রোর নিচে চাপা পড়ে। স্থানীয়রা এসে মাইক্রোবাসটি উল্টে হতাহতদের উদ্ধার করে।”
নিহত হামিদের ছেলেকেও আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
