২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় পাহাড়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমিতে গড়ে তোলা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 03:52 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

পুরনো খবর:

উখিয়ায় দখলদারের হামলায় ৫ বনকর্মী আহত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোর থেকে রাজাপালং ইউনিয়নের দুর্গম পাহাড়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

দুটি বুলডোজারের সাহায্যে দেড়-ঘণ্টা ধরে এ উচ্ছেদ অভিযান চলে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবদুস সোবহানের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের চার শতাধিক সদস্য অভিযানে অংশ নেয় বল জানান তিনি।

স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া এলাকার মধুরছড়া পাহাড়ে বনবিভাগের প্রায় ২০ একর জায়গা দখল করে সেমিপাকা এসব বাড়িঘর তৈরি করে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের পশ্চিমে দুর্গম এ এলাকায় এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল।

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির বলেন, “যে যাই বলুক, অবৈধ দখল প্রক্রিয়া বন্ধ করতে সরকারি বনভূমি দখল করে নির্মাণ করা এসব বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে।”

এর আগে গত ৯ এপ্রিল বন বিভাগের ওই জমিতে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও বনকর্মীদের নিয়ে উচ্ছেদ অভিযানে যায় প্রশাসন। তবে দখলদারদের হামলা ও বাধার মুখে উচ্ছেদ না করেই ফিরে আসতে বাধ্য হন তারা।

ওইদিন সশস্ত্র লোকজনের হামলায় উচ্ছেদ অভিযানে যাওয়া পাঁচ বনকর্মী আহত হন, যে হামলার জন্য রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর সমর্থকদের দায়ী করা হয়।

উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির শ্যালক এই জাহাঙ্গীরের সশস্ত্র লোকজন এসব স্থাপনা নির্মাণ কজের তত্ত্বাবধান করে বলে স্থানীয়দের অভিযোগ।

তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

তিনি দাবি করেন, “স্থানীয় মাছকারিয়া ভূমিহীন সমিতির সদস্যরা তাদের সঞ্চিত টাকায় এসব স্থাপনা গড়ে তোলেন।”