বাজেটের সব তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোরে
দশম সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতাসহ সব তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে পাওয়া যাবে।
বৃহস্পতিবার বিকালে সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী, যা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের এই মেয়াদের দ্বিতীয় বাজেট।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাসহ সব তথ্য কয়েকটি সরকারি ওয়েবসাইটের পাশাপাশি ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে (http://bdnews24.com) পাওয়া যাবে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
অর্থমন্ত্রী হিসেবে মুহিত এনিয়ে নবম বার জাতীয় বাজেট দিতে যাচ্ছেন। আর একাধারে এটি তার সপ্তম বাজেট।
এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
বাজেট উপস্থাপনের আগে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা, সম্পূরক আর্থিক বিবৃতি, প্রজাতন্ত্রের সরকারি হিসাব, সংযুক্ত তহবিল-প্রাপ্তি, মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (অনুন্নয়ন ও উন্নয়ন), মঞ্জুরি ও বরাদ্দ দাবিসমূহ (উন্নয়ন), নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ৪০টি মন্ত্রণালয়ের কার্যক্রম, শিশুদের নিয়ে বাজেট ভাবনা, মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি, মধ্যমেয়াদী বাজেট কাঠামো, বার্ষিক আর্থিক বিবৃতি, বাজেটের সংক্ষিপ্তসার, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৫ এবং ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা : হালচিত্র ২০১৫ ওয়েবসাইটে প্রকাশসহ জাতীয় সংসদ থেকে সরবরাহ করা হবে।
বাজেটকে আরও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এ বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন এবং দেশ বা বিদেশ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দিতে পারবেন।
“প্রাপ্ত সকল মতামত ও সুপারিশ জাতীয় সংসদ কর্তৃক বাজেট অনুমোদনের সময় বিবেচনা করা হবে,” বলা হয় তথ্য বিবরণীতে।
বাজেটের সব তথ্য সরকারি ওয়েবসাইট www.bangladesh.gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.pressinform.portal.gov.bd, www.pmo.gov.bd এ পাওয়া যাবে।
বাজেট উপস্থাপনের পর দিন অর্থাৎ ৫ জুন শুক্রবার বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
