কোনো হুমকি দিইনি: আযমী
ফেইসবুকের মাধ্যমে হুমকির অভিযোগ এনে পুলিশকে অঞ্জন রায়ের অভিযোগের প্রতিক্রিয়ায় যুদ্ধাপরাধী গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী বলেছেন, তিনি এই ধরনের কোনো কাজ করেননি।
ফেইসবুকে পাল্টাপাল্টি লেখাকে কেন্দ্র করে রোববার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুক্তিযোদ্ধার সন্তান, গাজী টিভির সম্পাদক (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) অঞ্জন রায়।
তার প্রতিক্রিয়ায় সাবেক সেনা কর্মকর্তা আযমী সোমবার এক বিবৃতিতে বলেন, “উনার (অঞ্জন) এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত, কেননা তার বিরুদ্ধে বা তাকে কেন্দ্র করে কোনো ‘হুমকি’ আমি কখনই দেইনি।”
গত ২৮ মে মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনা সদস্যদের নিয়ে ফেইসবুকে অঞ্জন রায়ের লেখার প্রতিক্রিয়ায় একটি পোস্টে তাকে ‘দালাল’ বলে ইঙ্গিত করেন আমান আযমী।
মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের তথ্যটি ‘কাল্পনিক’ দাবি করে যুদ্ধাপরাধীদের গুরু গোলাম আযমের ছেলে আযমী প্রয়াত কমিউনিস্ট নেতা প্রসাদ রায়ের ছেলে অঞ্জন রায়কে ইঙ্গিত করে লেখেন- ‘রায় বাবু কি তিন মিলিয়নের মতো কাল্পনিক কোনো নতুন সংখ্যা নতুন প্রজন্মকে গেলাতে চাইছেন।”
ভারতের ‘দালালি’ বন্ধের আহ্বান জানিয়ে আযমী লিখেছেন- ‘যদি কোনো হিডেন এজেন্ডা থেকে থাকে, তাহলে প্রকাশ্যে বলে ফেলুন না, দেখুন জনগণ আপনাদের মতো দেশবিরোধীদের কি উপহার দেয়।’
ফেইসবুকে নিজের লেখার বিষয়ে আযমী বিবৃতিতে বলেন, “আমার পোস্টে উনার বক্তব্যের বিপরীতে আমি কিছু বক্তব্য রাখি। আমার সেই বক্তব্য মিথ্যা হলে এবং উনার বক্তব্য সত্য হলে তিনি তথ্য উপাত্তসহ আমার বক্তব্য খণ্ডন করতে পারতেন।
“অথচ তিনি আমার বক্তব্যের কোনো জবাব না দিয়ে আমি তাকে ‘হুমকি’ দিয়েছি মর্মে থানায় মিথ্যা ডায়েরি করেছেন। আমি মনে করি, কেবল আমাকে হয়রানি করা ও বিতর্কিত করার উদ্দেশ্যেই এই ডায়েরি করা হয়েছে।”
জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ছেলে আযমী বিবৃতিতে বলেন, তিনি রাজনীতিতে যুক্ত নন এবং কোনো দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
“তারপরও আমার বাবার নাম নিয়ে বারবার আমাকে বিতর্কিত করার এই ধরনের অপচেষ্টা আপত্তিকর ও নিন্দনীয়।”
