এক মাসে বিজিবির হাতে জব্দ ৬০ কোটি টাকার মালামাল
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ষাট কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজা, মদ, হেরোইন ও ইনজেকশন।
এছাড়া অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে শাড়ি, কাপড়, কাঠ, বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ ছাড়াও ১৪টি বন্দুক, ৯টি পিস্তল, ১টি রিভলবার ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবির পাঠানো এক সাংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫১ জনকে আটক করা হয়। এদের মধ্যে থেকে ৩৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বাকি ১১২ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া মে মাসে অনুপ্রবেশের সময় ৭৩৭ জন মিয়ানমার নাগরিককে প্রতিহত এবং পাচারকালে ২৮ নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
