মালয়েশিয়ায় শরণার্থী শিবিরে ৭১৬ বাংলাদেশির তালিকা
মালয়েশিয়ায় আন্তর্জাতিক শরণার্থী শিবিরে অন্তত ৭১৬ বাংলাদেশির পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচয় যাচাইয়ে একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
বাংলাদেশের কুয়ালালামপুর মিশন ওই তালিকা তৈরি করেছে বলেও জানান তিনি।
সাগর পথে মালয়েশিয়ায় ঢোকার পথে আটক শরণার্থীদের মালয়েশিয়ায় শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।
মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে গত মাসে মানবপাচারকারীদের কয়েকটি আস্তানা ও কবরের সন্ধান মেলার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তোলপাড় চলছে।
থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর হওয়ায় পাচারকারীদের ট্রলার বা নৌকা তীরে ভিড়তে পারছে না। খাদ্য সঙ্কটে পড়ে নৌকায় নিজেদের মধ্যে সংঘর্ষে অনেকের মারা যাওয়ার খবরও আসছে।
গত এক মাসে এই তিন দেশ এবং মিয়ানমারে চার হাজারের বেশি মানুষকে সাগর থেকে উদ্ধার করা হয়েছে, যারা রোহিঙ্গা ও বাংলাদেশি বলে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য।
মিয়ানমারে গত কিছুদিনে উদ্ধার প্রায় এক হাজার মানুষের প্রায় সবাই বাংলাদেশি বলে দেশটির সরকার দাবি করলেও তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
