এক আগুন নেভাতে হিমশিম ফায়ার সার্ভিস
গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানা ডিগনিটি টেক্সটাইল মিলসে লাগা আগুন ১৪ ঘণ্টা পর নিভিয়ে দেরির জন্য মূলত ভবনটির নির্মাণ কাঠামোকে দায়ী করেছে ফায়ার সার্ভিস।
স্টিলের কাঠামোয় গড়ে তোলা ভবনে আগুন নিয়ন্ত্রণে অভিজ্ঞতা না থাকাকেও দেরির কারণ হিসেবে স্বীকার করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
শ্রীপুরের বেতজুরী এলাকায় সাত তলা ওই ভবনে রোববার বেলা ২টার দিকে আগুনের সূত্রপাত হয়েছিল। টানা চেষ্টার পর দমকলকর্মীদের প্রায় হাল ছেড়ে দেওয়ার মধ্যে কয়েকটি তলা ধসে পড়ার পর সোমবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কারখানাটি পুড়লেও শ্রমিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপুরে খাবার বিরতির সময় আগুন লাগার কারণে ভেতরে শ্রমিক ছিল না বলে কারখানা কর্তৃপক্ষের দাবি।
আগুন নেভানোর পর এই ধরনের কারখানার অনুমোদন দেওয়া নিয়ে নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান প্রশ্নও তুলেছেন।
তবে শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে চালু হওয়া এই কারখানা নির্মাণের অনুমোদন আইন মেনেই দেওয়া হয়েছিল।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, স্টিলের কাঠামো দিয়ে ভবন নির্মাণে সঠিক নমুনা ও পন্থা অনুসরণ না করাই এই কারখানার অগ্নিকাণ্ডের ভয়াবহতার জন্য দায়ী।
বাহিনীর মহাপরিচালক আলী আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টিল কাঠামোর ভবন নির্মাণে স্টিলের কলামে যথাযথভাবে কংক্রিটের জ্যাকেটিং ও ফায়ারপ্রুফ পেইন্টসহ বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হয়। তারা তা যথাযথভাবে পালন করেনি।
“পোশাক কারখানার জন্য স্টিল দিয়ে এত বড় ভবন নির্মাণ করা ঠিক নয়। এ ধরনের ভবন তিন তলার উপরে হলে আগুন নিয়ন্ত্রণ সমস্যা হয়ে পড়ে। কারণ আগুনে স্টিল দ্রুত গরম হয় ও গলে যায়।”
মূলত ‘টি শার্ট’ তৈরির এই কারখানায় তৃতীয় তলার গুদামে আগুনের সূত্রপাত হয়েছিল। কারখানার কর্মচারীরা এসে নেভানোর চেষ্টা করলেও তারা সফল হননি। আগুন দ্রুতই উপরে সপ্তম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা, জয়দেবপুর, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা স্টেশনের ১৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
তবে ধাতব কাঠামোর পুরো ভবন আগুনে দ্রুত গরম হয়ে যাওয়ায় এবং পর্যাপ্ত দরজা-জানালা না থাকায় ভবনের উপরের অংশে পানি পৌঁছাতে ব্যর্থ হচ্ছিলেন তারা।
এই ধরনের ভবনে আগুন নিয়ন্ত্রণের অভিজ্ঞতা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে দায়িত্বরত অগ্নি নির্বাপককর্মীরা স্বীকার করেন।
প্রায় ১১ ঘণ্টার পর বাইরের দিকের স্টিলের পাত ঝরে পড়তে শুরু করলে অগ্নিনির্বাপক কর্মীরা এক রকম হাল ছেড়ে দেন। তখনও কারখানার ওপরের অংশ জ্বলছিল। এরপর ভোরে ওপরের তিনটি তলা ধসে পড়লে আগুনের দাপট কমে আসে।
রোববার আগুন লাগার পরের ছবি
গাজীপুরের শ্রীপুরের ডিগনিটি টেক্সটাইল মিলসে অগ্নিকাণ্ড শুরুর প্রায় ১৪ ঘণ্টা পর সোমবার সাততলা ইস্পাতের কাঠামোর উপরের তিনতলা ধসে পড়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মো. নূরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে ধরনের নিয়ম মেনে স্টিল স্ট্রাকচার তৈরি করতে হয়, এ কারখানার সুউচ্চ ভবন নির্মাণে তা অনুসরণ করা হয়নি।”
স্থানীয় প্রশাসন দোষারোপ করে আলী আহমদ বলেন, “তারা স্টিলের স্ট্রাকচার দিয়ে পোশাক কারখানা নির্মাণের জন্য কিভাবে এত বড় ভবনের অনুমোদন দিল তা বোধগম্য নয়।”
শ্রীপুরের মেয়র আনিছুর রহমান আইন অনুসরণ করে অনুমোদন দেওয়ার দাবি করলেও তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান।
এই অগ্নিকাণ্ড তদন্তে শ্রীপুরের ইউএনও মোহাম্মদ সাদেকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শিল্পাঞ্চল হলেও গাজীপুর ফায়ার স্টেশনে আধুনিক অগ্নিনির্বাপক সরঞ্জামের অপ্রতুলতার কথা উঠে আসে বাহিনীর মহাপরিচালক আলী আহমদের কথায়।
“বড় মইবাহী অগ্নিনির্বাপন গাড়ি নেই। ফলে বহুতল ভবনে আগুন লাগলে উদ্ধার কাজ করতে ঢাকা থেকে অগ্নিনির্বাপন গাড়ি নিয়ে যেতে হয়। গাজীপুরে অনেক বড় বড় ভবন থাকায় সেখানে এ ধরনের গাড়ি ধাকা আবশ্যক।”
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলছেন, কারখানাটিতে অগ্নিনির্বাপন সরঞ্জাম থাকলেও তা ব্যবহারের দক্ষতা ছিল না কারও।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানার অগ্নিনির্বাপক কর্মীদের দক্ষতার অভাবে আগুন লাগার পর দ্রুত নেভানো বা নিয়ন্ত্রণ করা যায়নি।”
কারখানার শ্রমিকদের অগ্নিনির্বাপনের মহড়া হলেও তারা খুব একটা দক্ষ হয়ে উঠেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেন কারখানাটির ইউটিলিটি ইনচার্জ মো. এমদাদুল হকও।
জয়দেবপুর ফায়ার স্টেশন অফিসার হাসিবুল ইসলাম ও কারখানার শ্রমিকরা জানান, খাবারের বিরতির সময় আগুনের সূত্রপাত হওয়ায় প্রায় সব শ্রমিক ও কর্মকর্তা কারখানা ভবনের বাইরে ছিলেন।
রপ্তানিমুখী এই কারখানায় পুরো ভবনে বিভিন্ন বিভাগের তিন হাজারের মতো শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।
কারখানার লোডারম্যান আসমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ভবনের বাইরে দোকানে দুপুরের খাবার খেয়ে তিনি ফেরার প্রস্তুতি নেওয়ার সময় আগুনের খবর পান তিনি।
“তিন তলা থেকে ধোঁয়া বের হতে দেখে আর উপরে উঠিনি আমি। অন্য সহকর্মীরাও আরও যারা কারখানায় ঢুকবেন, তারাও শেষে আর ঢোকেননি।”
যারা ভবনে ছিলেন, তারাও আগুন তীব্র হওয়ার আগেই নেমে আসতে পেরেছেন বলে দাবি করেন আসমত। কেউ নিখোঁজ রয়েছেন, এমন কোনো তথ্য পায়নি অগ্নি নির্বাপক বাহিনীও।
ওই কারখানার নিচতলায় ডায়িং সেকশন, দ্বিতীয় তলায় নিটিং, তৃতীয় তলায় ওয়্যার হাউস (গুদাম), চতুর্থ তলায় কাটিং এবং ৫ম ও ৬ষ্ঠ তলায় গার্মেন্ট সেকশন রয়েছে।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক নাজমুন্নাহার কেমু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দামি সব যন্ত্রপাতি এবং সুতা ও তৈরি করা পোশাকের সঙ্গে শ্রমিকদের বেতনের নগদ টাকাও পুড়েছে।
বেতন-বোনাস দাবি শ্রমিকদের
অগ্নিকাণ্ডের দিন রোববার বিকালে মে মাসের বেতন দেওয়ার কথা থাকলেও দুর্ঘটনা ঘটে যাওয়ায় তা আর পাননি শ্রমিকরা।
তবে ক্ষতিগ্রস্ত কারখানা কবে চালু হবে সেই অপেক্ষায় শ্রমিকরা কর্মহীন অবস্থায় বসে থাকতে চান না। তারা ভালুকায় একই মালিকের অন্য কারখানায় চাকরি এবং মে ও জুন মাসের বেতন ও ঈদ বোনাস দাবি করছেন।
কারখানার সেন্ট্রাল স্টোরের লোডারম্যান লালমনিরহাটের মো. ইউনুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেতন না পেলে বাড়ি-ভাড়া ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো সম্ভব হবে না, সামনে রোজা-ঈদ।
“মালিকরা তো ইন্সুরেন্সের টাকা পেয়ে তাদের ক্ষতি পুষিয়ে নেবেন। কিন্তু আমরা কোথায় যাব।”
কারখানার সুয়িং অপারেটর নাজমুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এবং তার স্বামী একই কারখানার শ্রমিক। দুজনের বেতন মিলিয়েই চলত সংসার।
জুনের বেতন ও ঈদ বোনাসের বিষয়ে জানতে চাইলে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক নাজমুন্নাহার কোনো কথা বলতে চাননি। তবে মে মাসের বেতন দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কারখানার প্রক্রিয়াকরণ প্রকৌশলী মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, তাদের কারখানায় বেতন দেওয়া হয় প্রতি মাসের শেষ দিন। সোমবার বিকাল ৪টার দিকে মে মাসের বকেয়া ও পাওনাদি দেওয়া শুরু হয়েছে এবং সাত জুন পর্যন্ত কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে।
৮ জুন কারখানা খুলবে এমন নোটিসও দেওয়া হয়েছে। এর মধ্যেই কর্তৃপক্ষ শ্রমিক ও কারখানার বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং পাওনাদি পরিশোধ করবেন বলে ওই নোটিসে জানানো হয়।
