সাভারে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সাভারের আশুলিয়া থেকে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার শ্রীপুরের শ্রমিক কলোনির একটি ঘরে রুবিনা আক্তারের (২৩) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানায়।
রুবিনা ওই এলাকার মাদার টেক্সটাইলের শ্রমিক ছিলেন।
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ওই কলোনির অন্য বাসিন্দারা রুবিনার ঘরের ভেতর তার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য রুবিনার স্বামী জয়নালকে থানায় আনা হয়েছে। তবে তাকে আটক কিংবা গ্রেপ্তার দেখানো হয়নি।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
