২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পথে বাস চালাতে দুই চুক্তির খসড়া অনুমোদন

কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-গুয়াহাটি রুটে যাত্রাবাহী বাস চলাচলে ভারতের সঙ্গে চুক্তি ও প্রটোকল স্বাক্ষরের প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 04:34 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তি ও প্রটোকলের খসড়া অনুমোদন করা হয়।

বাংলাদেশের মান সংস্থা বিএসটিআই ও ভারতের বিআইএসের মধ্যে চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে এ চুক্তি হবে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন আগামী ৬ জুন। তার দুই দিনের এই সফরে বাণিজ্যসহযোগিতাসহ আরও কয়েকটি বিষয়ে চুক্তি ও আলোচনা হতে পারে বলে দুই দেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-আগরতলা-ঢাকা রুটের জন্য আগে যে চুক্তি হয়েছে, আগে যে কাঠামো অনুসরণ করা হয়েছিল কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-সিলেট-সিলং-গুয়াহাটি রুটের ক্ষেত্রে সেই কাঠামো অনুসরণ করা হচ্ছে।”

‘অ্যাগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য রিপাবলিক অব ইন্ডিয়া ফর দ্য রেগুলেশন অব মটর ভেহিকেল প্যাসেঞ্জার ট্রাফিক বিটুইন টু কান্ট্রিজ’চুক্তির আওতায় প্রটোকল দুটির খসড়া প্রণয়ন করা হয়েছে।

এতে দুই দেশের মধ্যে কানেকটিভিটি বাড়বে জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, “এ চুক্তিতে দু’দেশ সমান সুযোগ-সুবিধা পাবে। সবই পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রণীত ও গৃহীত এবং উভয় দেশের অপারেটর সমান সুবিধা পাবে।”

“এ চুক্তির আওয়ায় দু’দেশে যাতায়াতকারী যানবাহনের রুট পারমিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সনদ, ইন্সুরেন্স পলিসি লাগবে। বাস পরিচালনাকারী ও বাসের যাত্রীদের পাসপোর্ট ও মাল্টিপল এন্ট্রি ভিসা থাকতে হবে।”

কলকাতা থেকে আগারতলা যেতে ট্রানজিটের জন্য আলাদা কোন ফি দিতে হবে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, “এটি এখানে ম্যানশন করা হয়নি। বাস্তবায়নের জন্য দু’দেশের কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।”

চুক্তি ও প্রটোকল না হলেও এরইমধ্যে কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-গুয়াহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হয়েছে।

গত ২২ মে ঢাকা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের একটি ২৬ আসনের বাসে ২২ সরকারি কর্মকর্তা গুয়াহাটির পথে রওনা হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরীক্ষামূলক এ সেবার উদ্বোধন করেন।

সোমবার সকালে কলকাতার সল্টলেক আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ১০ জন ভারতীয় কর্মকর্তাকে নিয়ে পরীক্ষামূলক যাত্রায় ঢাকার পথে ছেড়ে আসে একটি বাস, যেটি ঢাকা হয়ে মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছাবে।

পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পরীক্ষামূলক এ সেবার উদ্বোধন করেন।

বিএসটিআই ও ভারতের বিআইস চুক্তি

ভারতের সঙ্গে স্বাক্ষরের জন্য ‘অ্যাগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশে স্টান্ডাডার্স অ্যান্ড টেস্টিং ইন্সটিউশন অ্যান্ড ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডাডার্স অন কো-অপারেশন ইন দি ফিল্ড অব স্ট্যান্ডার্ডডাইজেশন অ্যান্ড কনফরমিটি অ্যাসেসমেন্ট’ এর খসড়া অনুমোদন দেওয়া হয় সভায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির জন্য ২০০৯ সাল থেকে প্রক্রিয়া শুরু হয়। গত মে মাসে দু’দেশ চুক্তি করতে সম্মত হয়।”

“এ চুক্তির আওতায় এ দু’টি মান সংস্থা একে অপরের পণ্যের মান সংক্রান্ত সনদের স্বীকৃতি দেবে।”

“আমদানি-রপ্তানি পণ্যের মান পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে বলে দু’পক্ষ সম্মত হয়েছে। মান সংস্থাগুলো মান ও পরীক্ষা পদ্ধতিতে সমঞ্জস্যতা আনবে। সংস্থা দুটি পরস্পর পরস্পরের রিপোর্ট গ্রহণ করবে।”

এ চুক্তি বাস্তবায়ন ও কার্যকর হলে দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব।

পুরনো খবর:

বেনাপোলে এল কলকাতা-আগরতলা রুটের প্রথম বাস