২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে এল কলকাতা-আগরতলা রুটের প্রথম বাস

ঢাকা হয়ে কলকাতা থেকে আগরতলার পথে প্রথম যাত্রীবাহী বাস বাংলাদেশে প্রবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 08:24 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

পুরনো খবর:

ভারতের পথে বাস চালাতে দুই চুক্তির খসড়া অনুমোদন

সোমবার দুপুরে পরীক্ষামূলক সেবার আওতায় বেনাপোল চেকপোস্ট অতিক্রম করা এই রুটের প্রথম বাসে যাত্রী হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মকর্তাদের একটি দল।

রাজ্যের পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজাহারুল ইসলাম।

১২ জুনের পর থেকে এই রুটে নিয়মিত বাস চলাচলের আশা প্রকাশ করে আলাপন ব্যানার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদেশের প্রশাসন, পরিবহন খাত ও যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার ভিত্তিতে ভাড়া নির্ধারিত হবে।

“আগরতলা থেকে আসাম ঘুরে কলকাতা পৌঁছাতে প্রায় ১৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অথচ বাংলাদেশের মধ্যে দিয়ে আগরতলার দূরত্ব মাত্র ৫০০ কিলোমিটার।

“চুক্তি স্বাক্ষরের পরপরই খুব কম সময়ে, সামান্য খরচেই ত্রিপুরার মানুষ আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে পারবেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-গুয়াহাটি রুটে যাত্রাবাহী বাস চলাচলে ভারতের সঙ্গে চুক্তি ও প্রটোকলের খসড়া অনুমোদন করা হয়।

আগামী ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ঢাকা সফরে এবিষয়ে চুক্তি সই হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

সকালে কলকাতার সল্টলেক আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে পরীক্ষামূলক যাত্রায় ঢাকার পথে ছেড়ে আসে বাসটি। আলাপন বন্দ্যোপাধ্যায় পরীক্ষামূলক এ সেবার উদ্বোধন করেন।

বেনাপোলে উপস্থিত যশোর জেলা প্রশাসক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি যাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে।

“বাসটি ২ জুন ঢাকা থেকে আগরতলা হয়ে ত্রিপুরা যাবে। ৩ জুন আবার ঢাকায় ফিরে ৪ জুন ঢাকা থেকে বেনাপোল হয়ে ফিরবে কলকাতায়।”

এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান, বেনাপোল শুল্কভবনের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম উপস্থিত ছিলেন।