নকশা এঁকে আশুলিয়ায় ব্যাংক ডাকাতি
কাগজে রীতিমত নকশা এঁকে, পরিকল্পনা করেই সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকের শাখায় হানা দিয়েছিল ডাকাতদল।
ডাকাতির পর টঙ্গীর আউশপাড়ার একটি একতলা বাড়ি থেকে উদ্ধার করা এমন দুটি নকশার একটি পরীক্ষা করে ব্যাংক ডাকাতির ‘অপারেশনের ছক’ উদঘাটনের দাবি করেছে পুলিশ।
ঘটনার পর আটকদের জিজ্ঞাসাবাদ করেও পুলিশ ওই নকশার বিষয়ে তথ্য পেয়েছে।
ঢাকা জেলা পুলিশের সহকারী সুপার নাজমুল হাসান ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই নকশার সঙ্গে ব্যাংকের দ্বিতীয় তলার নকশা হুবহু মিলে যায়।
“নকশায় ‘গোল’ চিহ্ন দিয়ে মানুষ, ‘টয়’ দিয়ে টয়লেট, ‘এমজি’ দিয়ে ব্যাংক ম্যানেজারের কক্ষকে বোঝানো হয়েছে। এছাড়া নকশায় ব্যাংকে ঢোকার ও বের হওয়ার পথও চিহ্নিত করা রয়েছে।”
অন্য নকশাটিরও রহস্য উদঘাটনের চেষ্টা চলছে জানিয়ে নাজমুল বলেন, “তা করা সম্ভব হলে আরও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে।”
গত ২১ এপ্রিল দুপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ঢুকে বোমা মেরে, গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তারক্ষীসহ তিনজনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা লুট করে ডাকাতরা।
তারা বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রতিরোধ করলে ডাকাতদের গুলি ও বোমায় আরও চারজন নিহত হন।
জনতার ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাতদের দুজন মোটর সাইকেল থেকে পড়ে গেলে গণপিটুনিতে নিহত হন একজন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর হাসপাতালে মারা যান।
রোমহর্ষক ওই ডাকাতির ধরন দেখে পুলিশ কর্মকর্তারা জঙ্গিদের জড়িত থাকার সন্দেহের কথা বলে আসছিলেন। ডাকাতির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১১ জনের মধ্যে বেশ কয়েকজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
সবশেষ শনিবার রাতে মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ, যে আনসারুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতা এবং ব্যাংক ডাকাতির ‘অপারেশন কমান্ডার’ ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
নাজমুল হাসান ফিরোজ বলছেন, শামীমের আউশপাড়ার ভাড়া বাসায় বসেই ডাকাতির পরিকল্পনা হয়। পরে তার নেতৃত্বেই ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে।
ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আল আমিন হোসেন আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও শামীমের নেতৃত্ব দেওয়ার কথা বলেছিলেন।
জেএমবি থেকে আনসারুল্লাহ
দুই বছর আগে বগুড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালায় পুলিশ।
সে সময় সংগঠনটির সেসময়কার নেতা শামীম অস্ত্রসহ পালিয়েছিলেন বলে গোয়েন্দা পুলিশের তথ্য।
এরপর ছিনতাই ও ডাকাতির মতো বেশ কয়েকটি ঘটনার সঙ্গে তার জড়িত থাকার তথ্য পায় পুলিশ।
সহকারী পুলিশ সুপার নাজমুল বলেন, “গত ১০ মার্চ গাজীপুরের বোর্ডবাজারে বিকাশের পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের সময় একজনকে হত্যার সঙ্গেও শামীম জড়িত।”
পুলিশের কর্মকর্তারা বলছেন, শামীম আগে কখনো গ্রেপ্তার না হলেও হত্যাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
রোববার আদালতে নেওয়ার পর তিনি নিজের বিভিন্ন অপরাধের কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন বলে জানান নাজমুল।
আউশপাড়ার আস্তানা
সহকারী পুলিশ সুপার নাজমুল বলেন, “আশুলিয়ার ব্যাংক ডাকাতি ছিল পূর্ব পরিকল্পিত। আনসারউল্লাহ বাংলা টিমের সদস্যরা দলীয় তহবিল বাড়াতে ওই ঘটনা ঘটায়। তাদের উদ্দেশ্য ছিল জনমনে আতঙ্ক তৈরির পাশাপাশি সংগঠনের তহবিলে টাকা যোগ করা।”
ঘটনার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের ধরতে টঙ্গীর আউশপাড়ার একটি এলাকায় দুই দিন নজরদারি চালায়। এরপর একটি একতলা বাড়িকে ডাকাতদের ‘আস্তানা’ হিসাবে চিহ্নিত করা হয়।ওই বাড়িতেই দুটি নকশা পাওয়া যায়।
নাজমুল হাসান জানান, ডাকাতির চারমাস আগে ডাকাত দলের ‘অপারেশন ইনচার্জ’ মাজহারুল ইসলাম শামীম ওই বাসা ভাড়া নেন। সেখানে তার স্ত্রী ও কয়েকজন সহযোগী থাকতেন।
শামীমের স্ত্রী একাই বাড়িতে থাকতেন। আর পুরুষরা কেউ কেউ এলাকায় লাইটার, টর্চ লাইট, কথিত শক্তিবর্ধক ওষুধসহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন। সেই টাকার কিছু অংশে নিজেদের খরচ মেটানোর পর বাকিটা সংগঠনের তহবিলে জমা করা হত।
পুলিশ কর্মকর্তা নাজমুল বলেন, “অপারেশনের সময়ে সবার কাছে একটি করে ছুরি ও হাতবোমা ছিল। সেখানে দুটি পিস্তল ও একটি টুটু বোরের রাইফেলও ব্যবহার করা হয়েছে। অস্ত্রগুলো চীনের তৈরি বলে মনে হচ্ছে।”
আউশপাড়ার আস্তানাতেও পুলিশের অভিযানে একই ধরনের ছুরি, সিসার গুঁড়ো, বোমা তৈরির রাসায়নিক উপাদান মাপার যন্ত্র পেয়েছে।
ব্যাংক ডাকাতির সময় কেন এভাবে মানুষ হত্যা করা হল জানতে চাইলে শামীম পুলিশকে বলেছেন. এসব তিনি ‘নিজের জন্য’ করেননি।
“সে নির্বিকারভাবে বলেছে, ‘স্যার, আমি নিজের জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য এই সংগঠনে আছি।’ কোরানে এই ধরনের নির্দেশনা আছে কিনা জানতে চাইলে সে মাথা নিচু করে রাখে”, বলেন নাজমুল।
