২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি: ‘আনসারুল্লাহ নেতা’ গ্রেপ্তার

আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন শীর্ষ নেতা বলে জানিয়েছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 02:59 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমন নামের ৩২ বছর বয়সী ওই যুবককে শনিবার রাতে ঢাকার মধ্যবাড্ডার তেঁতুলতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক ডাকাতির সময় শামীম রাইফেল হাতে নেতৃত্বে ছিল। সে আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা।”

গ্রেপ্তার সুমনকে বিকালে মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে হাজির করা হয়।

ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান সংবাদ ব্রিফিংয়ে বলেন, গত ২১ এপ্রিল সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় শামীম ছিলেন ‘অপারেশন কমান্ডার’।

“দুই বছর আগে ২৩ অগাস্ট পুলিশ বগুড়ায় জেএমবির একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালায়। সে সময় শামীম অস্ত্রসহ পালিয়ে যেতে সক্ষম হয়। এ বছর ১০ মার্চ গাজীপুরের বোর্ডবাজারে বিকাশের ৫ লাখ টাকা ছিনতাইয়ের সময় একজনকে হত্যার সঙ্গেও সে জড়িত।”

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আল আমিন হোসেন আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও শামীমের নেতৃত্ব দেওয়ার কথা বলেছিলেন বলে পুলিশ সুপার জানান। 

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজুল ইসলাম শামীম বলেছে, সে ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেওয়া জেএমবি নেতা সালাউদ্দীনের ঘনিষ্ঠ সহযোগী। দলীয় আধিপত্য নিয়ে মতবিরোধের জের ধরে সে জেএমবির একটি অংশকে নিয়ে আনসারউল্লাহ বাংলা টিমে যোগ দেয়।”

গত দুই বছর ধরে আলোচনায় থাকা আনসারউল্লাহ বাংলা টিম নামের এই জঙ্গি সংগঠনটিকে সম্প্রতি নিষিদ্ধ করেছে সরকার। দলীয় তহবিল বাড়াতেই শামীম ও তার সহযোগীরা আশুলিয়ায় ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।

“ওরা অপারেশন, অবজারভেশন ও রেসকিউ- এই তিন ভাগে ডাকাতিতে অংশ নিয়েছিল। প্রত্যেকেই সাংগঠনিক সিদ্ধান্তে এ ডাকাতিতে অংশ নিয়েছে”, বলেন পুলিশ সুপার।  

গত ২১ এপ্রিল দুপুরে বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় ঢুকে বোমা মেরে, গুলি চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তারক্ষীসহ তিনজনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা লুট করে ডাকাতরা।

তারা বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রতিরোধ করলে ডাকাতদের গুলি ও বোমায় আরও চারজন নিহত হন।

জনতার ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাতদের দুজন মোটর সাইকেল থেকে পড়ে গেলে গণপিটুনিতে নিহত হন একজন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর হাসপাতালে মারা যান।

রোমহর্ষক ওই ডাকাতির ধরন দেখে পুলিশ কর্মকর্তারা আগেই বলেছিলেন, এটি সাধারণ ডাকাতদের কাজ নয়। শুরু থেকেই তারা জঙ্গিদের জড়িত থাকার সন্দেহের কথা বলে আছিলেন।    

ওই ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নাজমুল হাসান জানান।

পুরনো খবর:

আশুলিয়ায় ব্যাংক ডাকাতদের আস্তানায় ‘ডিবির জ্যাকেট’
‘জঙ্গি তহবিল গঠনে’ আশুলিয়ায় ব্যাংকে ডাকাতি