২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রকে আটকে মুক্তিপণ দাবি, আটক ৫

চট্টগ্রামে কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 10:08 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

রোববার সন্ধ্যায় নগরীর আকবর শাহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ আবু মো. শাহজাহান কবীর।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চার জনের নাম জানা গেছে। এরা হলেন- ফয়সাল, রাসেল, অভি ও রমজান। এদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গোয়েন্দা কর্মকর্তা শাহজাহান জানান, গত ২৮ মে হাটহাজারী থেকে নগরীতে আসার পথে ওমরগণি এমইএস কলেজ অনার্সের ছাত্র জানে আলম রাসেলকে তার পূর্ব পরিচিত কয়েকজন যুবক আটকে রাখে।

পরে অপহরণকারীরা জানে আলমের পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পুলিশ কর্মকর্তা শাহজাহান আরও জানান, এ ঘটনায় অপহৃত জানে আলমের পরিবারের পক্ষ থেকে হাটহাজারী থানায় জিডি করা হয়।  

তিনি জানান, হাটহাজারী থানা পুলিশের পক্ষ থেকে নগর গোয়েন্দা পুলিশের সহায়তা চাওয়া হলে অভিযান চালিয়ে তাদের আকবর শাহ এলাকার একটি বাসা থেকে জানে আলমকে উদ্ধার এবং পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।