পুলিশকে মারধর, শিক্ষকের বিরুদ্ধে মামলা
গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশ কনস্টেবলকে পেটানোর অভিযোগে এক স্কুল শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
শুক্রবার সকালে আহত পুলিশ কনস্টেবল আবুল কালাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন- উপজেলার ভাজাকালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফ হাসান আল-নেমেরী, ধাপেরহাট প্রিয়বালা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোস্তাক, পালানপাড়া গ্রামের এমদাদুল হক, সুমন মিয়া ও নিজপাড়া গ্রামের বাবু মিয়া।
আহত পুলিশ সদস্য আবুল কালাম উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত (কনস্টেবল নং ২৮৫)। তিনি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কনস্টেবল আবুল কালাম নিজ প্রয়োজনে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের মুদি দোকানে যান।
এসময় দোকানের পাশে বলে গল্প করছিলেন শিক্ষক মারুফ। তিনি ওই সময় পুলিশকে উদ্দেশ্য করে খারাপ মন্তব্য ও অকথ্য ভাষায় গালাগাল দেন।
কনস্টেবল কালাম এর প্রতিবাদ করলে এনিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে শিক্ষক মারুফ ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে এলোপাথাড়ি কিল ও ঘুষি মারেন। এতে তার নাক ফেটে যায়।
শিক্ষক মারুফ হাসান আল-নেমেরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, নিজ এলাকার জমির মামলার বিষেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আসেন তিনি।
পরে মুদি দোকানের সামনে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি।
এসময় কনস্টেবল আবুল কালাম সাদা পোশাকে এসে তাদের আলোচনার বিষয় সর্ম্পকে জানতে চান। তখন স্থানীয় এক যুবকের সঙ্গে তার হাতাহাতি হয় বলে জানান তিনি।
