বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর পিটুনিতে যুবক নিহত
পূর্ব বিরোধের জেরে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর এলাকাবাসীর পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
জয়দেবপুর থানার এসআই মো. আজিজুল হক জানান, বুধবার সকালে নগরীর ভানুয়া এলাকায় এ ঘটনায় নিহত বৃদ্ধার স্বামীও ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন।
নিহতরা হলেন ভানুয়া এলাকার মো. আলাউদ্দিনের স্ত্রী আকলিমা (৬৫) এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নরুন মসজিদ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে মো. মোকাররম (২২)।
মোকাররম নিহত আকলিমার ছেলে শফিকের স্ত্রীর বড়ভাইয়ের ছেলে। কয়েকদিন আগে তিনি ফুফুর বাড়ি বেড়াতে এসেছিলেন।
আহত আলাউদ্দিনকে (৭০) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের কর্মচারী।
নিহত আকলিমার মেয়ে লিপি আক্তার জানান, সকাল সাড়ে ৭টার দিকে তার বাবা আলাউদ্দিন বাড়ির পাশে দা নিয়ে বাঁশের খুঁটি বানাচ্ছিলেন। এ পর্যায়ে ওখানে দা রেখে তিনি বাড়ি আসেন। ওই সময় পাশেই বসেছিলেন তার ছোট ছেলে সফিকুল ইসলামের স্ত্রী রাবেয়ার ভাতিজা মোকাররম।
বিছুক্ষণ পর আলাউদ্দিন বাড়ি থেকে ফের ওই স্থানে গিয়ে দেখেন তার দাটি মোকাররম হাতে নিয়ে বসে আছেন।
ওই সময় তিনি দা চাইলে মোকাররম ‘আল্লাহু আকবর’ বলে তার বাবা আলাউদ্দিনকে কোপাতে শুরু করেন। ওই সময় আলাউদ্দিন ডাক চিৎকার করে দৌড়ে পালাতে থাকেন।
চিৎকার শুনে আলাউদ্দিনের স্ত্রী আকলিমা, পুত্রবধূ রাবেয়া ও বাড়ির অন্যরা ছুটে আসেন।
লিপি আরও বলেন, মোকাররমের হাত থেকে দাটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে মোকাররম দা দিয়ে আকলিমা বেগমের ঘাড়, মাথা ও বুকে কোপায়। এতে ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার এসআই আজিজ জানান, প্রতিবেশীরা আহত আলাউদ্দিনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মোকাররমকে আটক করে মারধর করে পুলিশে হস্তান্তর করে। পুলিশ আহত মোকাররমকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুস সালাম সরকার জানান, বেলা ১১টার দিকে হাসপাতালে মোকাররমের মৃত্যু হয়।
