রানা প্লাজার মালিকের বিরুদ্ধে দুদকের মামলা
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।
দুই বছর আগে সাভারে সোহেল রানার মালিকানাধীন ওই ভবনটি ধসে পড়ে সহস্রাধিক পোশাক শ্রমিক নিহত হওয়ার পর তার সম্পদ অনুসন্ধানে নামে দুদক।
কারাবন্দি রানাকে তার সম্পদের তথ্য হিসাব দাখিল করতে চিঠি দেওয়া হয়েছিল। তিনি তা দাখিল না করায় বুধবার রমনা থানায় মামলা করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে (রানা) পর্যাপ্ত সময় দেওয়ার পরও সম্পদ বিবরণী দাখিলে অপারগ হওয়ায় মামলা করা হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক দুদক কর্মকর্তা জানান, রানা বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। গত ২ এপ্রিল কাশিমপুর কারাগারের কর্তৃপক্ষের মাধ্যমে সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে তাকে চিঠি দেওয়া হয়।
২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়েছিল সাভার বাসস্ট্যান্ডে নির্মিত নয়তলা ভবন রানা প্লাজা। ওই ভবনে নির্মাণে ত্রুটির অভিযোগের পাশাপাশি নকশাবহির্ভূতভাবে উপরে বাড়ানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
রানা প্লাজা ধসের পরদিনই সোহেল রানার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরপর ওই বছর ১৫ মে কমিশনের পক্ষ থেকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে চিঠি দেওয়ার উদ্যোগ নেয় কমিশন, তবে আইনি জটিলতার কারণে তখন তা সম্ভব হয়নি।
দুদকের অনুসন্ধানে ধরা পড়েছে, বিভিন্ন ব্যাংকে ২৩টি হিসাবের মাধ্যমে অর্থ লেনদেন করতেন রানা। রানা প্লাজা ছাড়াও সাভারে তার মালিকানায় রয়েছে একটি ৫ তলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি দোতলা বাড়ি ও দুটি ইটের ভাটা।
