পার্বত্য চট্টগ্রামকে সরকার উপনিবেশ বানিয়েছে: সন্তু লারমা
সরকার পার্বত্য চট্টগ্রামকে ঔপনিবেশিক এলাকা বানিয়ে রেখেছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা।
বুধবার বান্দরবানে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার তিন পার্বত্য জেলার আদিবাসীদের অসহায় অবস্থায় রেখেছে।
জাতিগত ও রাষ্ট্রীয় নিপীড়ন, বঞ্চনা ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জুম্ম জাতির ভাষা-সংস্কৃতি, ভূমিসহ সামাজিক অস্তিত্ব রক্ষার জন্য পাহাড়ের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
সন্তু লারমা বলেন, পার্বত্য অঞ্চলকে অশান্ত রাখার জন্য ‘অপারেশন উত্তরণ’ অব্যাহত রয়েছে। পার্বত্য চুক্তির মূল ধারাগুলো বাস্তবায়ন না করে কেড়ে নেওয়া হয়েছে আদিবাসীদের ভূমি।
অনুষ্ঠানে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং বলেন, মঙ্গলবার বান্দরবানের রোয়াংছড়িতে নিরপরাধ পিসিপি নেতা প্রীতিভূষণ তঞ্চঙ্গ্যাকে সেনা সদস্যদের গুলি ও আটক করার ঘটনায় রিজিয়ন কমান্ডার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সমঝোতা হয়েছে।
আলোচনায় গৃহীত সিদ্ধান্ত বজায় রাখার চেষ্টা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে কয়েকহাজার আদিবাসী নেতাকর্মী ও সমর্থক ‘ভূমি বেদখল বন্ধ কর’, ‘সেনা শাসন প্রত্যাহার কর’ ইত্যাদি লেখার প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করে বিক্ষোভ মিছিল করেন।
মিছিলটি বান্দরবান শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রাজার মাঠে শেষ হয়।
সকালে বান্দরবানের রাজার মাঠে জনসংহতি সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
