গোপালগঞ্জে মৃত ব্যক্তির নামে বয়স্কভাতা উত্তোলন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে বয়স্ক ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে জনপ্রতিনিধির বিরুদ্ধে।
তদন্তে বিষয়টির প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুভাষ চন্দ্র চৌধুরী।
এক মাস আগে এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর তার তদন্তের দায়িত্ব পড়ে সমাজসেবা কর্মকর্তা সুভাষ চন্দ্র চৌধুরীর উপর।
অভিযোগে বলা হয়, কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামের নিল মিয়া মোল্লা ২০১৩ সালের ৫ এপ্রিল মৃত্যুবরণ করেন। কিন্তু তাকে জীবিত দেখিয়ে ওই এলাকার ইউপি সদস্য জাকারিয়া শেখ বয়স্ক ভাতার টাকা উত্তোলন করেছেন।
সুভাষ চন্দ্র চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউপি সদস্য জাকারিয়া শেখ ওই ইউনিয়নের চেয়ারম্যান সামচুল হকের সঙ্গে যোগসাজশে একই এলাকার মৃত এনসান উদ্দিন, জোছনা মিত্র, মইফুল বিবি, শুভাসিনী দত্তকে জীবিত দেখিয়ে দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা উত্তোলন করে আসছেন।
"তদন্তে এ ঘটনায় কুশলা ইউপি চেয়ারম্যান সামচুল হক ও সদস্য জাকারিয়া শেখের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।"
"এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকও তাদের দায়িত্ব এড়াতে পারে না বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছি," বলেন সুভাষ।
ইতিমধ্যে তিনি তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন বলেও জানান।
অগ্রণী ব্যাংক কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বিডিনইউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি জানার পর আমি ভাতাভোগীদের বইগুলো পরীক্ষা করে দেখেছি। সেখানে প্রতারকচক্র ছবি পরিবর্তন করে ওই ভাতা উত্তোলন করেছে।
"এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
কুশলা ইউপি চেয়ারম্যান সামচুল হক হাওলাদার অভিযোগ অস্বীকার করে বিডিনইউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন, “মৃত ব্যাক্তিদের জীবিত দেখিয়ে বয়স্ক ভাতা উত্তোলনের বিষয়টি আমার অগচরে হয়ে থাকতে পারে।
"ঘটনার সঙ্গে আমি জড়িত নই।"
