২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামে অভিযান

রোজার মাসে নিত্যপণ্যের দাম, ওজন ও মান নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে অভিযানে নামছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 04:59 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

বুধবার বিএসটিআই আয়োজিত দ্বাদশ বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, বৃহস্পতিবার থেকে বাজার তদারকিতে দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবে।

“এছাড়া রমজানের আগে আরও তিনটিসহ মোট পাঁচটি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।”

চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক রোজার মাসে ব্যবসায়ীদের বেশি মুনাফা করার চেষ্টা, পণ্যের ওজনে কম দেওয়ার সমালোচনা করেন।   

তিনি বলেন, “আমাদের দেশে যেন একটা বৈশিষ্ট্য হয়ে গেছে ওজনে কম দেওয়া। এটা শাস্তিযোগ্য অপরাধ। সামনে রোজা ও ফলের মৌসুম। ফলের নামে আমরা তথাকথিত বিষ খাচ্ছি।

“কোনো কোনো ব্যবসায়ীর প্রবণতা হচ্ছে ‘সারা বছর কি লাভ করেছি? রোজায় অনেক বেশি লাভ করব’ এমন।”

জেলা প্রশাসক বলেন, “ব্যবসায়ীরা নিজেদের বিবেককে জিজ্ঞেস করুন এসময়ে দাম বাড়ানো উচিত কি না। রোজা আসলে খাদ্যে, তেলে যত ভেজাল দেয়া যায় তা দেয় কিছু অসাধু ব্যবসায়ী। ছোলার দাম না কি ইতিমধ্যে বেড়ে গেছে।”

বাণিজ্য সচিবের সঙ্গে ফোনে কথা হয়েছে জানিয়ে মেজবাহ উদ্দিন বলেন, “চেম্বার ও ব্যবসায়ীদের সাথে সভা করব। আগামীকাল থেকেই বাজারে ভ্রাম্যামাণ আদালতের অভিযান শুরু হবে।”

ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, “খাদ্যে কোনো ভেজাল যেন দেওয়া না হয়। খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের ব্যবসায়ীরা যদি ভেজাল ও দাম নিয়ন্ত্রণ করেন তাহলে তো আমাদের যেতে হয় না।”

প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির পাঁয়তারা যারা করছেন তাদের আইনের আওতায় আনা হবে। যেসব অসাধু ব্যক্তি মাপে ও মানে কারচুপি করছেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিচ্ছে।”

চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের অনুমোদনহীন খাদ্য ও পানীয় বাজারজাত না করা এবং পণ্যের সঠিক ওজন ও মানের ব্যাপারে ছাড় না দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মো. সাইদুল ইসলাম।

বিশ্ব মেট্রোলজি দিবসের এবারের প্রতিপাদ্য- ‘পরিমাপ ও আলো’ বিষয়ে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উন্মুক্ত আলোচনায় অংশ নেন।