২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘ইয়াবাসহ’ ইউপি সদস্য গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক বিক্রির দায়ে চাচাতো ভাই আটক হওয়ার খবর পেয়ে এক ইউপি সদস্য পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে নিজেও নেশার বড়ি ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 10:41 AM

Updated : 22 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান।

আটক শামীম আহমেদ বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। পুলিশ তার কাছে দুইশ ইয়াবা পাওয়ার কথা বলেছে।

শামীমের চাচাতো ভাই সাইজুল ইসলাম ওরফে সুন্দর আলীকেও (৩২) আটক করা হয়েছিল। তবে, শামীমের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একপর্যায়ে সুন্দর পালিয়ে যান।

ওসি আমির হোসেন বলছেন, শামীম ও সুন্দর মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ সুন্দর আলীকে আটক করে থানায় আনা হচ্ছিল। এ খবর পেয়ে ৫/৬ জন সহযোগীকে নিয়ে শামীম রাস্তায় পুলিশকে থামায় এবং তর্কে জড়িয়ে পড়ে।

“এক পর্যায়ে সুন্দর আলী পালিয়ে যাওয়ার সুযোগ পায়। পরে শামীমের দেহ তল্লাশি করে তার কাছেও দুইশ ইয়াবা পাওয়া যায়। পরে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।”

গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই ডেরিক স্টিফেন কুইয়্যা এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্রীপুর থানায় একটি মামলা করেছেন।

শ্রীপুর থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, মামলায় ইউপি সদস্য শামীম ও তার চাচাতো ভাইয়ের নাম রয়েছে।

স্থানীয় এক মসজিদের ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুন্দর আলী ইয়াবা বিক্রির সঙ্গে আগে থেকেই জড়িত ছিলেন। এ কারণে তাকে আগেও আটক করেছে পুলিশ। তবে ওয়ার্ড সদস্য শামিমের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তারা আগে শোনেননি।