২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণ ও সংগঠন আ. লীগের শক্তি’

বাংলাদেশের জনগণ ও সংগঠনকে আওয়ামী লীগের শক্তি বলে উল্লেখ করেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 10:15 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

মঙ্গলবার শেরপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, ওই দুই শক্তির একটি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আওয়ামী লীগের ভয়াবহ বিপদ হবে।

“আওয়ামী লীগের শক্তি হচ্ছে দুইটি। একটি হচ্ছে বাংলাদেশের জনগণ, আরেকটি হচ্ছে আওয়ামী লীগের সংগঠন। এই দুইটির একটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের ভয়াবহ বিপদ হবে।”

নতুন নেতৃত্ব সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে পরিমাণ রক্ত দিয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো সংগঠন, দেশ মাতৃকার জন্য এত রক্ত দেয় নাই।

সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্ব সৃষ্টি করে সেই সংগঠনকে আরও বেগবান ও শক্তিশালী করতে হবে বলে জানান আশরাফ।

আগামী নির্বাচনে জয়লাভের জন্য প্রস্তুতি হিসেবে সংগঠনকে সঠিকভাবে গড়ে তোলার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পর কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য কমিটি নির্বাচন করা হয়।

জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক সভাপতি ও চন্দন কুমার পাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।  

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সাংসদ আব্দুর রাজ্জাক, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম, জেলা সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল প্রমুখ।