চুরির অভিযোগে মাদ্রাসা ছাত্রকে নির্যাতন, ৩ শিক্ষক গ্রেপ্তার
দিনাজপুরে একটি কওমি মাদ্রাসায় চুরির অভিযোগে নয় বছরের এক ছাত্রকে পেটানোর ঘটনায় ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা সংলগ্ন জয়রামপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন হাফেজ মো. রেজাউল ইসলাম, মওলানা রিয়াজুল ইসলাম ও মওলনা সরিফুল ইসলাম।
গত শুক্রবার সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কমলপুর বাজারের নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আবু সাঈদ নামের শিশুটি জুমার পর থেকে আসর পর্যন্ত শিক্ষকদের নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে সোমবার তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার বাবা হাসান আলী।
কোতোয়ালি থানার ওসি এস এম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্যাতনের খবর বিভিন্ন মিডিয়ায় প্রচারের পর তাদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
ছাত্র আবু সাইদের উপর নির্যাতনের কথা আটক শিক্ষকরা স্বীকার করেছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
