ঈদে বিশেষ ট্রেনের সংখ্যা বাড়বে: রেলমন্ত্রী
আসন্ন ঈদে গত বছরের চেয়েও বেশি সংখ্যায় বিশেষ ট্রেন রাখা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
মঙ্গলবার দুপুরে রেলভবনে ‘রেল উন্নয়ন এবং রেল কারখানা’ শীর্ষক একটি আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ঈদ উপলক্ষে রেল বিভাগের প্রস্তুতি সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, “কি সংখ্যক স্পেশাল ট্রেন থাকবে তা এ মুহূর্তে বলবো না। তবে এটুকু বলছি গতবার যে ব্যবস্থা রেখেছিলাম, তার চেয়ে বেশি এবছর থাকবে।”
“ইতোমধ্যে সৈয়দপুর, পার্বতীপুর ও পাহাড়তলীতে রেল কারখানা গুলোকে বলা হয়েছে, তারা কাজ শুরু করেছেন। সময় হলে এ বিষয়ে একটি ঘোষণা দেব।”
আলোচনা সভায় রেলের আধুনিকায়নের বিষয়ে বেশ কয়েকটি প্রকল্প শুরু করা কথাও জানান মন্ত্রী।
“এডিবিরঅর্থায়নে ইন্দোনেশিয়া থেকে ১৫০টি ও ভারতের অর্থায়নে ১২০টি কোচ আগামী ছয় মাস পর থেকে আসা শুরু হবে। এগুলো পর্যায়ক্রমে রেলে যুক্ত হবে।”
এছাড়াও রেল কারখানা গুলোতে আধুনিক যন্ত্রপাতি ও লোকবল বৃদ্ধির পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
“প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খুলনা-মংলা নতুন রেললাইন নির্মাণ, রূপসা নদীতে রেলসেতু তৈরি, ঈশ্বরদী-পাবনা রেললাইন নির্মাণ, কালিয়াটি-গোপালগঞ্জ-টুঙ্গীপাড়ায় নতুন রেললাইন নির্মাণ, ঢাকা-মাওয়া-জাজিরা-ভাঙ্গা ও নড়াইল-যশোর এলাকায় দুটি রেল লিংক লাইন স্থাপন, যমুনা নদীতে প্যারালাল রেলব্রিজ, কর্ণফুলীতে রেল ব্রিজ তৈরি অন্যতম।”
সরকারের মেয়াদ কালের মধ্যেই এসব কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন রেলমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মধ্যে বক্তব্য দেন রেল বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাউদ্দিন, রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেন প্রমুখ।
