সাগরে ১৩ বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়া পাচার করতে না পেরে বঙ্গোপসাগরে পাচারকারীদের ছেড়ে যাওয়া ১৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকা থেকে সাত জন এবং টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে ছয় জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লোকজন জানায়, মালয়েশিয়া পাচারের জন্য এদের ট্রলারে উঠিয়ে শেষ পর্যন্ত নিতে পারেনি পাচারকারীরা। তাই মিয়ানমার এলাকায় সাগরে ট্রলারসহ তাদের ছেড়ে দিয়ে যায়।
কোস্টগার্ড সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী জানান, মিয়ানমারের কাছাকাছি মেরুল্লা এলাকায় বঙ্গোপসাগরে ভাসমান একটি ট্রলার থেকে সাত ব্যক্তিকে গরু ব্যবসায়ীদের একটি ট্রলারের লোকজন উদ্ধার করে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে তুলে দেন।
পরে কোস্টগার্ড গিয়ে তাদের নিয়ে আসে বলে জানান ডিকসন চৌধুরী।
উদ্ধার হয়েছেন জয়পুরহাটের মৃত মজলি সরকারের ছেলে শাহাদত সরকার (৩৫), ঝিনাইদহের আবেদ আলী শেখের ছেলে আলা উদ্দিন শেখ (২৮), আব্দুল লতিফের ছেলে মামুন মোল্লা (১৯), আকতার খলিফার ছেলে জসিম মুন্সী (৩৫), সিরাজগঞ্জের জমারত আলীর ছেলে ইদ্রিস আলী (২০), মৃত মকবুল আলীর ছেলে ইসমাইল হোসেন (২২) ও শুক্কুর আলীর ছেলে মো. ইমান আলী (২৩)।
এদের খাদ্য ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।
টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও বিভিন্ন সূত্রে মিয়ানমারের জল সীমায় ট্রলারে ভাসমান অবস্থায় কিছু বাংলাদেশি থাকার খবর জানা যায়।
এ প্রেক্ষিতে মিয়ানমার ও বাংলাদেশি ব্যবসায়ীদের সাগরে কোনো বাংলাদেশিকে দেখতে পেলে উদ্ধার করে নিয়ে আসার আহ্বান জানানো হয়।
“রোববার রাতে একটি ছোট ট্রলারে ছয় জনকে ভাসতে দেখে বাংলাদেশি গরু ব্যবসায়ীরা তাদের উদ্ধার করেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের নিয়ে টেকনাফ শাহ পরীর দ্বীপ জেটিঘাট এলাকায় পৌঁছলে বিজিবির নিয়মিত টহল দল তাদের উদ্ধার করে।”
এরা হলেন নরসিংদীর পলাশ উপজেলার গালিমপুর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে মো. শাহীন মিয়া (২৪), নরসিংদী সদরের পল্লানপুর গ্রামের মো. আফজাল আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩০), জয়পুরহাটের ক্ষেতলালের বেলগাড়ী গ্রামের সাত্তার ফকিরের ছেলে মো. জসিম উদ্দিন (১৯), পাবনার আমিনপুরের ভাটিকয়া গ্রামের মো. হালিম মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম (২০), চট্টগ্রামের বাঁশখালীর আসকরিয়া পাড়ার মৃত শিব্বির আহাম্মেদের ছেলে মো. ফারুক হোসেন (২৭) ও চট্টগ্রামের হাটহাজারীর গরদুয়ারা গ্রামের মৃত গফুর রহমানের ছেলে মো. মুছা (১৯)।
উদ্ধার লোকজনের বরাত দিয়ে এই বিজিবি কর্মকর্তা জানান, এক সপ্তাহ আগে কক্সবাজারের মহেশখালী থেকে পাচারকারীরা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে এদের ট্রলারে তোলে। পরে পাচারকারীরা তাদের বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমায় ফেলে রেখে চলে যায়। সেই থেকে তারা ওখানেই ট্রলারে ভাসছিল।
