মানবাধিকারের জন্য একযোগে কাজ করার আহ্বান স্পিকারের
আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করে টেকসই উন্নয়নে এক যোগে কাজ করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, “সংসদ গণতন্ত্রের প্রতীক। সমগ্র বিশ্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং আইনের শাসন ও মানবাধিকারকে নিশ্চিত করে টেকসই উন্নয়নকে নিশ্চিত করতে সিপিএভুক্ত দেশগুলোর পার্লামেন্টকে একযোগে কাজ করতে হবে।”
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ২৬তম কমওয়েলথ পার্লামেন্টারি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সিপিএ চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।
স্পিকার বলেন, “জনগণের চাহিদা ও আকাঙ্খার সঙ্গে সমন্বয় করে সংসদীয় ব্যবস্থার বিভিন্ন দিক পরিবর্তিত হচ্ছে। জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিতের জন্য এর পদ্ধতি ও চর্চাও পরিবর্তিত হচ্ছে। সংসদ সদস্যদেরই দায়িত্ব এর মর্যাদাকে সমুন্নত রাখা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোয়াজিল্যান্ডের সংসদ সদস্য ও সিপিএ সেক্রেটারিয়েটের প্রতিনিধি মারউইক টি খুমালো ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল।
চারদিনব্যাপী এই সেমিনারের মূল প্রতিবাদ্য ‘সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ’।
আগামী ২১ মে পর্যন্ত চলমান এই সেমিনারে কমনওয়েলথভুক্ত নয়টি অঞ্চলের বিভিন্ন দেশের ২৮টি শাখার প্রায় ৫০ জন পার্লামেন্টারিয়ান ও প্রতিনিধিরা যোগ দেন।
সেমিনারে অংশ নেওয়া দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, ঘানা, মালাউয়ি, কেনিয়া, মালদ্বীপ, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, কানাডা, জ্যামাইকা, ভারত, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
১৯৮৭ সালে জিব্রাল্টারে অনুষ্ঠিত সিপিএ নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর কমনওয়েলথের বিভিন্ন অঞ্চলে এই বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালে জাম্বিয়ায়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ২০১৬ সালে ২৭তম সেমিনার অনুষ্ঠিত হবে।
