২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার পালপাড়ায় হামলা: মোরশেদ গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া পালপাড়ায় বাড়িঘরে হামলা ও মৃৎ শিল্প সামগ্রী ভাংচুরের ঘটনায় তালিকাভুক্ত সন্ত্রাসী মোরশেদ আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

বগুড়ার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, সোমবার ভোরে  উপজেলার আড়িয়া বাসস্ট্যান্ডে ঢাকা থেকে আসা এক নৈশকোচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোরশেদ উপজেলার রাহিমাবাদ দক্ষিণপাড়ার দিলবর রহমানের ছেলে। এ নিয়ে এ ঘটনায় দায়ের করা মামলার পাঁচ আসামিই গ্রেপ্তার হলো।

গত ২৯ এপ্রিল রাতে মোরশেদ বাহিনী পালদের বাড়িঘরে হামলা চালায় এবং তৈরি মৃৎ শিল্প সামগ্রী ভাংচুর করে।

এ ঘটনায় গত ২ মে পালপাড়ার গোবিন্দ বাদী হয়ে মোরশেদকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলার পর মোরশেদ বাহিনীর সদস্য শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণ পাড়ার আজিজুল হক (৩৩), মো. মাছুদ (৩৪) এবং ১৭ মে মোরশেদের বড় ভাই তাজুল ইসলাম (৩৮) ও এমদাদুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, গত ২৯ এপ্রিল (বুধবার) গভীর রাতে চাঁদার দাবিতে আড়িয়াবাজার এলাকায় পালপাড়ার পালদের উপর হামলা ও ভাংচুর, লুটপাটের ঘটনায় মোরশেদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মোরশেদ পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।