বাঁশখালীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বোলছড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান।
নিহত আবদুর রহমান (১১) খেচুরিয়া গ্রামের আলী আকবরের ছেলে। সে বাঁশখালী-বোলছড়ি নজুমুন্নিসা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল রহমান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যায় বলে জানান ওসি।
