২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির মামলায় পুলিশের এএসআইয়ের নামে পরোয়ানা

এক বছর আগে রাজধানীতে চাঁদাবাজির এক মামলায় মিরপুর থানার তৎকালীন এক সহকারী উপ-পরিদর্শককে গ্রেপ্তারে পরোয়ানার জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 09:49 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার মহানগর হাকিম আতিকুর রহমান বর্তমানে পল্টন থানায় রাকিবুজ্জামানের বিরুদ্ধে পরোয়ানার আদেশ দেন।

গত বছরের ২২ মে পুরানা পল্টনের মহাকাল মিডিয়া অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেনের করা মামলার শুনানি শেষে আদেশ দেন বিচারক।

রাকিবের আইনজীবী মশিহুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ২৫ নভেম্বর পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের সাত তলায় বাদীর কার্যালয়ে কয়েকজন পুলিশ নিয়ে এসে তার দুই হাতে হাতকড়া পরিয়ে একটি মাইক্রোবাসে তুলেন মিরপুর থানার এ এস আই রাকিবুজ্জামান।

“বাদীর চোখে কালো কাপড়ে চোখ বেঁধে তাকে নিয়ে মিরপুর থানায় নিয়ে যায় তারা। সেখানে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে না দিলে মামলায় ঠুকে রিমান্ডে নিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ও প্রাণনাশের হুমকি দেয় তারা।

“২৬ নভেম্বর তারিখে বাদীকে থানা হাজত থেকে অজ্ঞাত একটি বাড়ি নিয়ে আবারো দুই চোখ বেঁধে চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিলে উপায় না দেখে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে এক লাখ ১০ হাজার টাকা দিয়ে মুক্তি পান।”

এই অভিযোগটি আদালত থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের দায়িত্ব দেওয়ার পর সিআইডির পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর ১৯ জানুয়ারি ঘটনার সত্যতা তুলে ধরে আদালতে প্রতিবেদন পাঠান।

মামলার নথি থেকে জানা যায়, এএসআই রাকিবুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে অপর অভিযুক্ত এসআই এনামুল ও এসআই (অবসরপ্রাপ্ত) শাহজাহানকে অব্যাহতি দেয় আদালত।