ছিটমহলবাসীদের দেখে এলেন সন্দ্বীপ মিত্র
ভারতের লোকসভায় স্থল সীমান্ত চুক্তি পাশ হওয়ার পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ছিটমহলে পরিদর্শনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র।
রোববার উপজেলার জোংড়া ইউনিয়নের ১১৯ নম্বর বাঁশকাটা ছিটমহলে সফরে যান তিনি। সেখানে ছিটমহলবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এরপর উপজেলার লথামারী ছিটমহলে যান তিনি।
মতবিনিময় সভায় তিনি বলেন, “ছিটমহলবাসীর খোঁজ-খবর নিতে এসেছি। তারা কী অবস্থায় কেমন আছেন দেখতে এসেছি।তাদের সুখ-দুঃখ উভয় দেশের সরকারের কাছে তুলে ধরা হবে।”
সন্দ্বীপ মিত্র বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় লোকসভায় পাশ হয়েছে স্থল সীমান্ত চুক্তি বিল। এর ফলশ্রুতিতে মুক্তি মিলছে ছিটমহলবাসীর।
দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ছিটমহলবাসীর ভূমির সমস্যা নিরসন করা হবে জানিয়ে তিনি বলেন, জমি নিয়ে আতঙ্কিত হবেন না। এ পরিস্থিতিতে আপনারা জমি হস্তান্তর করবেন না। কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে স্থানীয় প্রশাসনকে জানাবেন।
ছিটমহল বিনিময় ও সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি শাহ আব্দুল হামিদ আফতাবির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মো. মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।
উপস্থিত ছিলেন লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম, ছিটমহলের আইন উপদেষ্টা আব্রাহাম লিংকন, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি সোহরাব চৌধুরী প্রমুখ।
এর আগে ছিটমহলে পৌঁছলে ছিটমহলবাসী তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
