না’গঞ্জে মানব পাচার মামলায় ২ আসামির স্বীকারোক্তি
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার এক কাঠ মিস্ত্রীকে অবৈধভাবে সিঙ্গাপুরে পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই সহোদর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে জহির আহমেদ ও তার ভাই ইব্রাহিম হোসেন এ জবানবন্দি দেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৮ মার্চ ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার কাঠ মিস্ত্রী কাজল ইসলামকে অবৈধ পথে সিঙ্গাপুরে পাচার করা হয়।
ওই অভিযোগে কাজল ইসলামের বড় ভাই আরিফুর রহমান বাদী হয়ে গত রোববার এ আদালতে একটি মামলা দয়ের করেন।
মামলায় জহির ও ইব্রাহিমসহ ছয় জনকে আসামি করা হয়।
এ মামলায় ওই রাতেই ফতুল্লা থেকে ইব্রাহিমকে এবং সোমবার রাতে চাঁদপুরের জহিরকে গ্রেপ্তার করে পুলিশ।
