রাজবাড়ীতে কৃষককে গুলি করে হত্যা
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত মন্টু খাঁ (৪৫) শরিষা ইউনিয়নের পীরআলী পাড়ার আজিজ খাঁর ছেলে।
পরিবারের বরাত দিয়ে পাংশা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, শনিবার রাত প্রায় দেড়টার দিকে কয়েকজন লোক মন্টুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
“পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পালেরডাঙ্গি বটগাছের নিচে মন্টুর লাশ পাওয়া যায়। তার মাথা ও বুকে গুলির চিহ্ন রয়েছে।”
এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রোববার সকালে মন্টুর মরদেহ পাঠানো হয় রাজবাড়ী হাসপাতালের মর্গে।
পরিদর্শক মিজান জানান, পুলিশ ঘটনাস্থলে তিনটি গুলির খোসা পেয়েছে। পাংশা থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
তবে কারা কেন মন্টুকে হত্যা করেছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
