২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের বকলেন প্রধান বিচারপতি

আইনজীবীদের ত্রুটির কারণে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ মামলায় বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পান না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 10:41 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

শনিবার এক সেমিনারে তিনি বলেন, “আমাদের খুবই কষ্ট হয়, একটি মামলা বেশ গুরুত্বপূর্ণ মামলা এবং হয়তো এই বিচারপ্রার্থীর শেষ সম্বল। সে মামলায় হেরে যাচ্ছে শুধু আইনজীবীর ত্রুটির জন্য। শতকরা ৬০ থেকে ৭০ ভাগ মামলায় বিচারপ্রার্থীরা হারে আইনজীবীর ত্রুটির জন্য।”

মামলায় বাদী/বিবাদীর লিখিত বক্তব্য বিচার কাজের সময় মূল বিবেচনায় থাকে জানিয়ে এ বিষয়ে মনোযোগী হতে আইনজীবীদের পরামর্শ দেন তিনি।

নিজেদের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইনের শাসন বলতে আমরা কী বুঝি? আমি একজন আইনজীবী। আমি আইনজীবী হিসেবে কতদূর আমার কর্তব্য পালন করতে পেরেছি? প্রথমেই চিন্তা করতে হবে, একজন আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য।”

দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, “বেঞ্চ কী ভূমিকা নেবে সেটা নির্ভর করে আইনজীবীদের উপর। আমি বলব আইনজীবীরা কারিগর।

“গুটিকয়েক ব্যতিক্রম ছাড়া পৃথিবীতে বিখ্যাত যত বিচারক প্রত্যেকেই আইনজীবী ছিলেন।একজন আইনজীবী হিসেবে আমাকে চিন্তা ভাবনা করতে হবে আমি কতদূর আমার দায়িত্ব পালন করতে পেরেছি। আমরা প্রতিদিনই কয়েকশ মামলা তালিকায় পাই। অতি সংক্ষিপ্ত সময়ে বিশেষ করে উচ্চ আদালতে এক মিনিট থেকে পাঁচ মিনিটে নূন্যতম সময়ে সেই পয়েন্টে চলে আসি।”

আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, “আপনারা একটা মামলা মক্কেলের কাছ থেকে ব্রিফ নেন, কনসালটেশন করেন। এরপরে কোর্টে আসার আগে আপনারা পড়াশুনা করে আসেন। একজন বিচারক হাত দেওয়ার সাথে সাথে পয়েন্ট কি প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারেন না। এখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে কি রকম ? আইনজীবী হিসেবে আপনি আপনার ওয়াকিবহাল না; আপনার ক্ষমতা যে মক্কেলের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন; অথচ তার পক্ষে মামলা লিড করার জন্য আপনি সচেতন না।

“আজকে আপনারা যদি সচেতন থাকেন, সচেতন হন, তাহলে অনেকটাই, এই লক্ষ লক্ষ হাজার হাজার বিচারপ্রার্থী, কোর্টের যারা আশ্রয়ী প্রার্থী তারা মুক্তি পাবে।’

আইনের শাসন প্রতিষ্ঠা

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, “আমাদের খুব কষ্ট হয়, সেটা হল একজন বিচারক হয়ত জামিন দিল না, হয়ত আমাদের বিভিন্ন আইন হয়েছে, যেমন একটা মামলাতে একটা শিশু অপরাধ করেছে, তার জামিনে সেশন জাজ বলল, ‘আমার ক্ষমতা নাই’। আপনারা কোর্ট ভেঙে চুরে.. ইয়ে করে ফেলতে বিচারকের বিরুদ্ধে অনেকগুলো ইয়ে করেন। এটা গাজীপুরে ও যশোরে হয়েছে। অন্যান্য জায়গায়ও হয়।

“বিচারক ভুল করতে পারেন। তার সিদ্ধান্ত ভুল হতে পারে। উপর কোর্টে আসতে পারেন আপনারা। হাই কোর্টের আইনজীবী হোক আপনাদের মান-সম্মান, আপনারা একজন বিজ্ঞ আইনজীবী আমরা বলি, বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনারা সুনাম এই কোর্টে ওকালতি করে। ..আপনারা যদি সামান্য কারণে যে কোর্টে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যাচ্ছেন সেই কোর্টে গিয়ে অবমাননা করছেন। তাহলে আইনের শাসন কোথায় প্রতিষ্ঠা হবে?”  ‍

আইনজীবীর অনুপস্থিতি

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, “এখন সারাদেশের নিম্ন আদালতে ২৮ লাখ ত্রিশ হাজার মামলা রয়েছে। আমাদের একেবারে পিঠ দেয়ালে লেগে গেছে। আমরা চাচ্ছি...... এত লক্ষ লক্ষ মামলা বিচারাধীন থাকলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। আমি বিচারকদের ডাকলাম, আপনারা কোর্টে ওঠেন না, বিচার করেন না এবং ডায়েরিতে কেস রাখেন না। ওনারা যখন একে একে বলা আরম্ভ করলেন, বললেন যে ‘আমরা যদি সময়ের দরখাস্ত না মঞ্জুর করি, ওনারা খুব রূঢ় ব্যবহার করেন’।

“লাঞ্চের পরে উনারা কোর্টে থাকেন না, থাকতে চান না প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে। বিচারপ্রার্থীরা কোর্টে চলে আসে, সে জানে না আপনারা আপনাদের মুহুরিদের দিয়ে একটা দরখাস্ত ফাইল করে দেন মুলতবির জন্য। এটা বছরের পর বছর চলে। আমি বললাম, তারা না আসলে আপনারা মামলাগুলো খারিজ করে দেবেন। এখন আইন সংশোধন করা হয়েছে, বলল যে এক হাজার টাকা জরিমানা দিয়ে তারা পরের দিন পিটিশন রিস্টোর হয়ে যায়, কাজ বেড়ে যায়। আর কিছু বিচারক যা বললেন সেটা হল, এটা করলে তারা আবার বার একত্রিত হয়ে কোর্ট বয়কট করে। কড়া বিচারক হলে তারা সবাই মিলে বিচারকে প্রত্যাহার করার জন্য বলে দেয়। আইনের শাসন কী রকম প্রতিষ্ঠা হবে?”

প্রধান বিচারপতি বলেন, “আপিল বিভাগে আমি ১১ টা পর‌্যন্ত কিছু আইনজীবী পাই। বিরতির পর আমার প্রত্যেক দিন, এখন প্রায় ২৫ থেকে ৩০ মামলা ডিসমিসড ফর ডিফল্ট করতে হচ্ছে, আপনারা আসেন না। আগে বলা হতো, আপিল বিভাগে মামলা লিস্টে আনার জন্য তদ্বির করা হতো। অনেকে বলেছে, টাকা পয়সা খরচ করেও আনা যায়নি।..এখন শোনা যাচ্ছে তদ্বির করে মামলা লিস্টে না আনার জন্য। আগে লিস্টে দেওয়ার জন্য তারা টাকা খরচ করতেন, এখন লিস্টে না আসার জন্য তারা তদ্বির করে।..এখন এটি যদি চলে তাহলে আমরা বিচারকরা আইনের শাসন কি রকম প্রতিষ্ঠা করব?”

বিচারাধীন মামলা

প্রধান বিচারপতি বলেন, “৩০ লাখ মামলা উচ্চ আদালতসহ এগুলো নিয়ে বিচারকেরা এই বদনামের ভাগ থেকে মুক্তি চায়। আপনারা যে মামলার কারিগর হিসেবে যেভাবে গড়ে তুলবেন প্রস্তুত করেন…দেখার পর আমরা সিদ্ধান্ত দিতে পারি। কিন্তু আপনার  রিট বা বেল পিটিশনে যদি বেশি ফান্ডামেন্টেশনস না থাকে আপনরা মুখে যত সুন্দর কথা বলেন, আমাদের কাছ থেকে কোনো রিলিফ পাবেন না। সেটা হলে আমি একেবারেই স্পষ্ট করে বলছি, কোনো দিনই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।”
 

নবীনদের প্রস্তুতির প্রতি

সেমিনারের মূল প্রবন্ধের দিকে দৃষ্টি আকর্ষণ করে প্রধান বিচারপতি বলেন, “আইনজীবীদের ট্রেইনিং করার দরকার বলা হয়েছে। আমি বলব আদৌ এটার দরকার আছে কি না ? আমরা আইনজীবী হিসেবে এসেছি। আমরা কোনদিনও প্রথম পাঁচ বছর বেল পিটিশনের জন্য কোর্টে দাঁড়াতে সাহস করিনি। বেল বন্ড আর আইনজীবীদের রাত্র ১২টা পর্যন্ত ডিকটেশন নিতে নিতে হাতে কড়া পড়ে গিয়েছিল।

“আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আজকে একজন নবীন আইনজীবী কোনো সিনিয়রের চেম্বারে এটেন্ড করেন কি না? আমার উত্তর হল, না। এই সিস্টেমটাই উঠে গিয়েছে।”

প্রধান বিচারপতি বলেন, “নবীন আইনজীবীরা ব্রিফ নিয়ে আসেন, পরে সিনিয়র আইনজীবীকে নিয়োগ দেন। এটাই যদি হয়, তাহলে এখানে আইনজীবীরা গড়ে উঠবেন কী করে? একজন আইনজীবী সনদ পেতে হলে সিনিয়র আইনজীবীর সাটিফেকেট লাগে।..সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে যান-দেখবেন কোনো নবীন আইনজীবী কোনো সিনিয়র আইনজীবীর কাছে গেলেই তাকে এটেন্ড করা হয় নাই।.. ইংল্যান্ডে সনদের ক্ষেত্রে দুই ধরনের সনদ দেওয়া হয়। একটি হল, নন প্র্যাকটিসিং ব্যারিস্টার আরেকটি প্র্যাকটিসিং ব্যারিস্টার।”

বার কাউন্সিল ও আইন শিক্ষার পাঠক্রম

প্রধান বিচারপতি এস কে বলেন, “পৃথিবীর সব জায়গায় বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আইন বিভাগে শিক্ষার কারিকুলাম কী হবে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করেন না। এটা নির্ধারণ করতে হবে বার কাউন্সিলকে। বার কাউন্সিল সিদ্ধান্ত নেবে, আপনারা দায়িত্ব নেবেন। এখন প্রশ্ন হল সরকার মানবে না বা বিশ্ববিদ্যালয়ের উপচার্যরা মানবে না। আমি বলব, তারা মানতে বাধ্য। আপনার বার কাউন্সিল ঠিক মত চালান। আপনাদের গ্রহণযোগ্যতা আপনারা নেন, তারা মানতে বাধ্য হবে।

“এবার বার কাউন্সিলে প্রায় ২২ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। নৈর্ব্যক্তিক পরীক্ষা দিতে হল।….এত বড় সিনিয়র আইনজীবী কেন আপনারা একটা ভালো পরীক্ষা নিতে পারেন না। ২২ হাজার ছেলে মেয়ে, প্রশ্ন করতে হবে, কিছু বের করে দিতে হবে। এমন প্রশ্ন করা হলে মাত্র পাঁচ হাজার থাকল।..যে দায়িত্ব নিতে হবে বার কাউন্সিলের সে দায়িত্ব যদি বার কাউন্সিল নিতে না পারে, এখন তাহলে আইনের শাসন কোথায় হবে?”

আইনের শাসনের অর্থ

প্রধান বিচারপতি বলেন, “আইনের শাসন মানে আমি যে দায়িত্বে আছি, আগে আমাকে আমার কতর্ব্যের ব্যাপারে সচেতন হতে হবে। আমি আমার দায়িত্ব পালন করব। এরপর আমি আপনাকে বলব, আপনি আপনার দায়িত্ব পালন করবেন। সরকারকে বলব, তখন যে আপনারাও পালন করেন। নির্বাচন কমিশনকে বলব, তখন আপনারা আইনের শাসন পালন করে নির্বাচনটা নিরপেক্ষভাবে ....ইয়ে করেন।

“আমি যদি নিজে বিশ্বাস ও পালন না করি, আমি আরেকজনকে কী রকম বলব আপনি সেটা পালন করবেন। তাই আমি বলছি, আপনারা আসেন প্রত্যেকে প্রত্যেক আইনজীবী হিসেবে আপনারা নিজেরা আইনের শাসন পালন করেন, এরপর বিচারকদেরকে বলেন, বিচারকরা অবশ্যই পালন করবে।”

আইনের শাসন সবাই চায়

প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের প্রতি এটি আজকের না, সেই তখনকার আমলের একজন অ্যাটর্নি জেনারেল যে রাজার উপদেশ দিতে অস্বীকার করায় তার জীবন দিতে হয়েছিল। বিচার বিভাগ সব সময় চাপের মধ্যে থাকে। এর প্রতি প্রত্যেকেই চাই আইনের শাসন, সরকারও চায়, জনগণও চায়, আইনজীবীরা চায়। ..কিন্তু বিচার বিভাগের যখন একটা কিছু বলা হয়, প্রত্যেকেই তখন বিমাতাসুলভ আচরণ করে।”

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গ

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, “বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে অনেক বক্তা বেশ কটাক্ষ করেন অনেক সময়। আমরা সহ্য করে যাই। সহ্য করে যাই কয়েকটা কারণে আমরা বিচারকরা সাধারণত কোনো সাংবাদিক বা কোনো প্রেসকে আমরা মিট করি না। পাছে মুখে ফসকে যদি কোনো কথা বলে যাই, হয়তো এতে অপব্যাখ্যা করা হবে। আমরা সাধারণত এই ধরণের প্ল্যাটফর্ম চাই। সেখানে কিছু কথা বলার সৌভাগ্য হয় আমাদের।

‘মাসদার হোসেন মামলায় প্রকতপক্ষে আপনারা জানেন যে, উচ্চ আদালতের বিচারকের কোনো দিনই সরকার বা কারও অধীনে ছিল না। এটা স্বাধীন ছিল। এটাতে প্রশ্ন উঠেছিল, নিম্ন আদালতের বিচারকদের ব্যাপারে। মাসদার হোসেন মামলায় ১২ টি নির্দেশনা। এর মধ্যে মূল যেটি ছিল, দুঃখজনক হলেও সত্য আমরা এখনও পাইনি।’

প্রধান বিচারপতি বলেন, সংবিধানের ১০৯ অনুচ্ছেদ বলে অ্যাডমিনিস্ট্রেশন এবং নিয়ন্ত্রণ সেটা হাই কোর্টের ওপর ন্যস্ত থাকবে। এখন নিম্ন আদালতকে যদি অ্যাডমিনিস্ট্রেশন এবং কন্ট্রোল যদি হাই কোর্টের থাকে আবার নিম্ন আদালতের বিচারকদের ডিসিপ্লিনারি রুলস ও ডিসিপ্লিনারি অ্যাকশন তারা যদি মিসকন্ডাক্ট করে থাকে, সেটা যদি নির্বাহীদের হাতে থাকে তাহলে তো কন্ট্রোল অ্যান্ড সুপারেনডিনডেন্স থাকল না হাই কোর্টের।’

উদাহারন টেনে প্রধান বিচারপতি বলেন, “আমি দেখলাম যে আমাদের একজন প্রখ্যাত হাই কোর্টের বিচারক একটা জেলা আদালত পরিদর্শনে গিয়েছেন। উনি সেখানে একজন বিচারকের কিছু ইরেগুলেরেটিজ দেখে সুনির্দিষ্ট ফাইন্ডিং দিয়েছেন। তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ও কিছু খারাপ মন্তব্য করেছেন। বললেন যে তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

“এখন সেখানে একটা তদন্ত হল।..সুপারেনিডেন্স অ্যান্ড কন্ট্রোল ডিসিপ্লিনারি রুলস এখন সরকারের হাতেই। তারা বললেন, না উনি তো একজন ভাল বিচারক। তার বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। সুপারিশ করেছে তাকে অব্যাহতি দেওয়া হোক।”

প্রধান বিচারপতি বলেন, ‘এখন এখানে হাই কোর্টের যারা বিচারক আছেন, তারা আমাকে প্রশ্ন করছেন, কোর্ট পরিদর্শনের জন্য আমাদের যে পাঠিয়ে দেন আমাদের কি সেখানে পরিদর্শনের দরকার আছে? বললাম কেন। আমরা যদি গিয়ে কোনো অ্যাডভার্স রিমার্ক করি এর বিপরীতে তাদের পছন্দমত একজন বিচারককে নিয়োগ করে- সে বলে আমার রিমার্ক তো কারেক্ট না।’

‘আপনাদের কাছে তুলে ধরছি, আমরা আদৌ মাসদার হোসেনের রায়ের আজকে ১৪ বছর হয়ে গেল কী পেলাম?..নিম্ন আদালতের বিচারকদের যদি আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা চাই তাহলে সংবিধানে যা আছে অনুচ্ছেদ ১১৬ এর সাথে যদি ১০৯ পড়ি তাহলে প্রকৃতপক্ষে ১১৬ কী বলে সেটার অর্থ পাওয়া যাবে। এই সাথে মাসদার হোসেন মামলায় বলা হয়েছিল, ৭২ সংবিধানে যে বিধান ছিল সেখানে একটা পযবেক্ষন ছিল মূল ১১৬ যদি পুনর্বহাল না করা হয় বিচার বিভাগের স্বাধীনতা কোনো দিনই থাকবে না, বিশেষ করে নিম্ন আদালতের বিচারকদের।

সংবাদ কর্মীদের উদ্দেশ্যে

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, “আজকে মিডিয়ার অনেক লোক আছে, বিচার ব্যবস্থার সাথে কিছু ভুল বোঝাবুঝি হয়।..আপনারা মনে করেন বিচার বিভাগ একটা স্পর্শকাতর বিভাগ। সেখানে একটা মন্তব্য করা, বেফাঁস কিছু একটা বলে ফেলি। সাধারণত মন্তব্য করতে বিরত থাকেন।

“আপনাদের একজন কলামনিস্ট একটি পত্রিকার বেশ ভাল লিখতেন। উনি বেশ বিচার বিভাগ নিয়ে লিখতেন। ইদানিং উনি লিখেন না। এটা আমাদেরকে খুব পীড়া দেয়। আমরা চাই আপনারা লেখেন। আইনের শাসন প্রতিষ্টা করতে হলে হ্যাঁ আপনাদের লেখনি দরকার। আমি বলছি, আপনারা অবশ্যই লিখবেন। কিন্তু কী লিখবেন প্রশ্ন হলো, আপনি যে বিষয়ে লেখা লিখবেন, আপনাকে লেখা পড়া করতে হবে, জানতে হবে, বিষয়বস্তুর গভীরে যেতে হবে। না জেনে পাণ্ডত্য দেখাবেন না, যাতে বিচার বিভাগের প্রতি জনগণের যে আস্থা সেটাকে বিলীন করবেন না।”

প্রধান বিচারপতি বলেন, “আপনারা ছাড়াও আমাদের কিছু বিজ্ঞ বক্তা টেলিভিশনে বিভিন্ন সময়ে আইন সংক্রান্ত বিষয়ে বেশ মুখরোচক টকশো আয়োজন করে থাকে ও বক্তব্য দিয়ে থাকে।

“..পরে আমি জানতে পারি যে, ইলেট্রনিক মিডিয়াতে বেশ রেটিং আছে। যেসব প্রতিপাদ্য বিষয় শুনে খুবই কষ্ট হয়, আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে হ্যাঁ বলেন। তবে আলোচনা করেন, সমালোচনা করেন কিন্তু আপনারা এই আলোচনা সমালোচনার বেশ গভীরে চলে যান লেখাপড়া করে। সত্যি জিনিসটা উদঘাটন করেন। আসল যে আইন কী জিনিস সেটা আপনারা তুলে ধরেন।”

গ্রহণযোগ্যতার রেটে প্রথম

প্রধান বিচারপতি বলেন, “আপনারা যারা লেখক, কলামনিস্ট তাদেরকে বলব, আপনারা সমালোচনা করতে পারবেন, তবে গঠনমূলক সমালোচনা। আপনারা এমন কিছু সমালোচনা করবেন না যাতে অপব্যাখ্যা করে বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করা হয়। সেটা আমরা বরদাস্ত করব না। কারণ এখনও সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে, হ্যাঁ আমার বিচার বিভাগ সমালোচনার বাইরে আমি বলব না। কারণ যদি তিন মিলিয়ন মামলা থাকে বিচার করতে পারিনি, এই কারণে বুক ফুলিয়ে বলব না যে সমালোচনার বাইরে বলে এবং কিছু বিচারকের ত্রুটি থাকতে পারে।

“কিন্তু আমি এটা বলতে চাচ্ছি এখনও সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে এর মধ্যে গ্রহণযোগ্যতার রেটে বাংলাদেশে এই বিচার বিভাগ হল প্রথম।..আজকে ছুটির দিনে চিফ জুডিশিয়াল ও চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে যান। বা যেকোনো আমলযোগ্য আদালতে প্রত্যন্ত অঞ্চলে যান। বিচাকের রাত ১২টা, ১টা পর্যন্ত বসে, তারা কোনোদিন না বলে না।..আগাম জামিন আবেদনের দিন বারান্দায় হাঁটা যায় না। যদি এই বিচার বিভাগের প্রতি আস্থা না থাকত তাহলে এতজন বিচারপ্রার্থী আসত না।”

জনস্বার্থ মামলা নিয়ে

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, “..কিছু পিটিশন যেগুলো চলে আসে, বেশ মুখরোচক বিষয়, টেলিভিশন ক্যামেরাসহ হাজির হয়ে যায়। এমন কিছু পিটিশন এতে হয় কি বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ইয়ে হয়ে যায়। বিচারকের শুনতে বাধ্য হয়, না হলে কি হবে। আপনারা চিন্তা-ভাবনা করে এই জনস্বার্থ মামলা কোনগুলো করতে পারবেন, কোনগুলো পারবেন না এর ধরন ঠিক করে দিয়েছি।”

সেমিনারে অংশ নিয়ে বিচারপতি কাজী এবাদুল হক বলেন, “আমি যে কাজ পারব না সে কাজ আমি নেব কেন? আমি যদি মক্কেলের মামলা করতে না পারি, আদালতকে মামলাটা বুঝাতে না পারি, তাহলে আমি ব্রিফটা নেব কেন? আর আমি যদি একটা দায়িত্ব নিয়ে থাকি, তাহলে দায়িত্বটা পালন করব না কেন? এই আত্মোপলব্ধিটা হওয়া দরকার। আর আমি যদি বিচারক হই তাহলে আমি সময়মত আদালতে বসব না কেন, সময়মত আদালত থেকে নামব না কেন এবং মামলা শুনানি করার পর রায় দেব না কেন? যদি আমি এই কাজ করতে অপারগ হই তাহলে বিচারক হওয়ার জন্য তদ্বির করব কেন। এই আত্মোপলব্ধি যদি আমাদের হয়, তাহলে বিচার ব্যবস্থার যেসব সমস্যা যেটা হচ্ছে আদালতে মামলা জমে আছে।

“ছোটবেলা থেকে একটা কথা শুনতাম যে বাঙালকে হাই কোর্ট দেখান। নিম্ন আদালতে দুই স্তর ডিঙ্গিয়ে যখন হাই কোর্টে আসত মামলাটা ঘুমিয়ে থাকত। আজও সে অবস্থার পরিবর্তন হয়েছে? আইনজীবীগণ এবং বিচারকগণ সকলের স্ব স্ব আত্মোপলব্ধি গড়ে উঠুক। যেটা করতে আমার দায়িত্ব যে আমি পালন করছি, সেটা নিজকে খতিয়ে দেখতে হবে। আমার বিবেক আছে, বিবেকের কাছে আমি দায়বদ্ধ। প্রত্যেক আইনজীবী এবং বিচারক। বিবেকের কাছে প্রশ্ন রেখেই আমার বক্তব্য শেষ করছি।”    

বিচারপতি আওলাদ আলী বলেন, “রুল অব ল’ এখন যেন একটা খরস্রোতা নদীর ঘুর্ণায়মান স্রোতের মধ্যে হাবুডুবু খাচ্ছে।..যতক্ষণ  পর‌্যন্ত  স্রোতটা ঘূর্ণায়মান থাকবে ততক্ষণ পর‌্যন্ত কিন্তু আমরা আইনের শাসনের অর্থ ভোগ করতে পারবো না।  শক্তিশালী বার হতে হলে ঐক্যবদ্ধ বার হতে হবে। রাজনৈতিকেভাবে বিভক্ত বার শক্তিশালী হতে পারে না। শক্তিশালী বার না হলে শক্তিশালী বেঞ্চ হবে না।  জুডিশিয়ারির ক্ষমতা প্রয়োগ করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে।.. স্বাধীন বিচারকই কেবল নিরপেক্ষ বিচারক হতে পারে।”

সংগঠনের সভাপতি আইনজীবী মনজিল মোরসেদের সভাপতিত্বে সেমিনারে জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন বক্তব্য দেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিষ্টার মঈন ফিরোজী। এতে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে ১২টি প্রস্তাব তুলে ধরা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর