২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর থেকে দূরপাল্লার বাস বন্ধ

পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শেরপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস-কোচ মালিক সমিতি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 09:39 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শনিবার সকালের পর শেরপুর থেকে যাত্রীবাহী কোনো বাস ছাড়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকামুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে শহরের গৌরীপুরের নতুন বাস টার্মিনালে শেরপুর-ঢাকাগামী একটি বাস থেকে চাঁদা দাবি করে না পেয়ে চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকদের একটি দল।

“ঘটনার পর গৌরীপুরের নতুন টার্মিনাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস নবীনগর টার্মিনালের পাশের সড়কে পৌঁছালে জোড়পূর্বক চাঁদা আদায় করে পরিবহন শ্রমিকদের অন্য আরেকটি দল।”

এর প্রতিবাদে শনিবার সকাল থেকে জেলা বাস-কোচ মালিক সমিতি দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল অনিদিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সাইফুল।

তবে মালিক সমিতির বিরুদ্ধে পাল্টা চাঁদাবাজির অভিযোগ তুলে বাস চলাচল বন্ধ রাখার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার নেতৃত্বে দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন শ্রমিকরা।

পরে জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদরের সংসদ সদস্য আতিউর রহমান আতিকের কাছে স্মারকলিপি দেন।