২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্নতা অভিযানে মেয়র নাছির

বন্দর নগরীতে আবারও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 01:56 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

শনিবার সকালে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পশ্চিম গেইট থেকে শুরু হওয়া এ অভিযানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

গত বছরের ২১ সেপ্টেম্বর সিএমপি কমিশনার হিসেবে যোগদানের পর ২৪ অক্টোবর নগরীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন আব্দুল জলিল মন্ডল। এবার তিনি সিটি মেয়রকে সঙ্গে নিয়ে এই অভিযানে নামলেন।

উদ্বোধনী বক্তব্যে আ জ ম নাছির বলেন, “এটা আমাদের শহর। এই শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।”

মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর ছয় মাসের সচেতনতা কর্মসূচি হাতে নেওয়া হবে জানিয়ে আ জ ম নাছির বলেন, “আমি বিভিন্ন বিজ্ঞাপন, লিফলেট দিয়ে এই সচেতনতা কর্মসূচি শুরু করব। নগরীর ৬০ লাখ মানুষের কাছে এই মেসেজ পৌঁছাব।”

এরপর অভিযানে নামবেন জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে কাউকে ছাড় দেবেন না তিনি।

সিএমপি কমিশনার জলিল মন্ডল বলেন, গত অক্টোবরে শুরু হলেও রাজনৈতিক অস্থিরতার মধ্যে তা থেমে ছিল।

“এটা আমাদের প্রতীকী কাজ। আগামী ১৫ দিন সময় দিলাম। এর মধ্যে সকল বাসিন্দা নিজের বাসা ও দোকানের সামনে আবর্জনা পরিষ্কার করে ফেলবেন।”

আগেরবার পরিচ্ছন্নতা অভিযানের সময় নালাগুলোতে বিপুল পরিমাণ আবর্জনা পেয়েছিলেন জানিয়ে সিএমপি কমিশনার জলাবদ্ধতার জন্য একেও দায়ী করেন।

আ জ ম নাছির বলেন, “আমরা নিজেরাই শহরকে অপরিচ্ছন্ন করে ফেলেছি। নালাকে ডাস্টবিন মনে করে আবর্জনা ফেলি। এজন্য নালার গভীরতাও কমে গেছে। এটা জলাবদ্ধতার মূল কারণ না হলেও অন্যতম একটি প্রধান কারণ।”  

বিলবোর্ড অপসারণ ১ জুন থেকে

সিএমপি কমিশনার জলিল মন্ডল বলেন, চট্টগ্রাম থেকে অবৈধ বিলবোর্ড অপসারণে ১ জুন থেকে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করবেন তারা।

“যারা বিলবোর্ড অপসারণ করবেন না, তাদের বিরুদ্ধে মামলা দিব।”

আ জ ম নাছির বলেন, “বিলবোর্ড অপসারণ নিয়ে পুলিশ কমিশনার এগিয়ে এসেছিলেন। কিন্তু সিটি করপোরেশন থেকে তাকে সহযোগিতা করা হয়নি।”

যাচাই-বাছাই করে অবৈধ বিলবোর্ডের তালিকা পুলিশকে দেবেন বলে জানান নতুন মেয়র।  

নতুন করে কোনো বিল বোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।