চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর বায়েজিদ শিল্প এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বাংলাদেশ চা বোর্ডের পেছনে একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান বায়েজিদ থানার এসআই খালেদ উদ্দিন।
উদ্ধার করা লাশটি আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের, তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এসআই খালেদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে খবর পেয়ে চা বোর্ডের
পেছনে একটি নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
“যুবকের মাথার পেছনে জখমের চিহ্ন আছে,” বলেন তিনি।
লুঙ্গি পরা যুবকটির শরীরে উপরের অংশে কোনো কাপড় ছিল না।
হত্যার পর দুর্বৃত্তরা লাশটি নালায় ফেলে রেখে গেছে বলে ধারণা এসআই খালেদের।
