২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সচিবদের সমান বেতনের দাবি

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সচিবদের সমান বেতন নির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 01:02 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

বাংলাদেশ বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সচিব কমিটি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো সুপারিশ করার পর বৃহস্পতি ও শুক্রবার দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ দাবি জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকার অষ্টম জাতীয় বেতন কাঠামো চূড়ান্ত করতে যাচ্ছে। দুঃখজনকভাবে এই প্রস্তাবনায় সিনিয়র অধ্যাপকদের বেতন সচিবদের থেকে একধাপ নিচে বিবেচনা করা হয়েছে।

“এই প্রস্তাবনায় সিলেকশন গ্রেড বাতিলেরও সুপারিশ করা হয়েছে। শিক্ষক সমাজ এহেন প্রস্তাবনায় ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। আমরা সিলেকশন গ্রেড বহাল রাখার প্রস্তাব করছি।

“বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও অধ্যাপকদের মূল বেতন যথাক্রমে সিনিয়র সচিব ও সচিবের বেতনের সমতুল্য করার জোর দাবি জানাচ্ছি।”

অধ্যাপকদের পরবর্তী ধাপ সহযোগী অ্যধাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামোও ওই ক্রম অনুসারে নির্ধারণের দাবি জানায় শিক্ষক সমিতি।

এদিকে শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর ও সাধারণ সম্পাদক এসএম খসরুল আলম কুদ্দুসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একই দাবি জানানো হয়।

এতে অধ্যাপকদের মূল বেতন সচিবদের বেতনের সমান এবং সহযোগী, সহকারী ও প্রভাষকদের বেতন সেই অনুসারে নির্ধারণের দাবি জানানো হয়।