২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পানির ট্যাংকে শিশুর লাশ

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাড়িতে পানির রিজার্ভ ট্যাংকের মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 10:31 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

শিশুটির নাম মুক্তা (৬)। রং মিস্ত্রি মোস্তাফিজুর রহমানের সন্তান সে। চাঁদ উদ্যানের হালিমের বস্তিতে মোস্তাফিজ পরিবার নিয়ে থাকেন।

মুক্তার গলার কিছু অংশ কাটা বলে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর পাঁচ নম্বর রোডের চাঁদ উদ্যানে বাসার কাছেই এক বাড়ির পানির রিজার্ভ ট্যাংকের ভেতর শিশুটির মৃতদেহ পাওয়া যায়।

মুক্তার মা ইয়াসমিন আক্তারকে উদ্ধৃত করে এসআই বলেন, দুপুর থেকে মুক্তা নিখোঁজ ছিলেন।

মুক্তা ট্যাংকে পড়েছিল, না কি তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি এসআই কমল।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।