২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামারুখের মৃত্যুর দায় থেকে মুক্ত স্বামী-শ্বশুর-শাশুড়ি

ডা. শামারুখ মাহজাবিনের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগে যে মামলাটি হয়েছে, তা থেকে আদালত অব্যাহতি দিয়েছে তার স্বামী হুমায়ুন ‍সুলতান সাদাবকে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 08:59 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

পুরনো খবর:

টিপু সুলতানের পুত্রবধূর ঝুলন্ত লাশ, হত্যার অভিযোগ
টিপু ও স্ত্রীর জামিন, ছেলে রিমান্ডে
‘শ্যামা আত্মহত্যা করতে পারে না’
শামারুখের মৃত্যু : প্রশ্নবিদ্ধ ময়নাতদন্ত
ময়নাতদন্তের প্রতিবেদন নিয়ে সংশয় শামারুখের বাবার

আদালত একইসঙ্গে হুমায়ুনের বাবা যশোরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগমকেও অব্যাহতি দিয়েছেন।

ছয় মাস আগে ঢাকার ধানমণ্ডিতে টিপু সুলতানের বাসা থেকে শামারুখকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধারের পর তার শ্বশুর বাড়ির লোকজন বলে যে তাদের পূত্রবধূ আত্মহত্যা করেছেন।

তবে শামারুখের বাবা যশোরের বাসিন্দা নুরুল ইসলাম তার মেয়েকে হত্যার অভিযোগ তুলে মামলা করেন জামাতা ও বেয়াই-বেয়ানের বিরুদ্ধে। এই মামলায় হুমায়ুনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ।

দুই দফা ময়না তদন্তে শামারুখের মৃত্যুর ঘটনাটিতে আত্মহত্যা বলে উল্লেখ করা হলে তার ভিত্তিতে পুলিশ আসামিদের অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দেয়।

মামলার তদন্ত কর্মকর্তার ওই প্রতিবেদনে নারাজি দিয়ে শামারুখের বাবা আদালতে যে আবেদন করেছিলেন, তা বৃহস্পতিবার খারিজ করে দেন ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্ত।

আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর মধ্য দিয়ে টিপু সুলতান ও তার পরিবারের সদস্যরা হত্যার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন।”

আদালতের আদেশের প্রতিক্রিয়ায় শামারুখের বাবা নূরুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব আমি।”

অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলামের মেয়ে শামারুখের সঙ্গে সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের মেয়ের বিয়ে হয় আড়াই বছর আগে।

শামারুখ রাজধানীর হলি ফ্যামিলে রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন। ওই কলেজেরই শিক্ষক হুমায়ুনের মা জেসমিন আরা। 

বিয়ের পর ধানমণ্ডিতে টিপু সুলতানের বাসায় থাকতেন শামারুখ। সেখান থেকেই গত বছরের ১৩ নভেম্বর শামারুখের লাশ সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছিল।

মাতৃহারা মেয়ের মৃত্যুর খবর শুনে সেদিন ঢাকায় আসার পর নুরুল ইসলাম হত্যার অভিযোগ তুলে বলেন, মিথ্যা তথ্য দিয়ে তার মেয়ের সঙ্গে হুমায়ুনের বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের পরও শামারুখকে মানসিক নির্যাতন করা হত। 

হলি ফ্যামিলি থেকে পাস করার পর বিএসএমএমইউতে পড়াশোনারত শামারুখের সহপাঠীরাও দাবি করে, এটি হত্যাকাণ্ড। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালন করে তারা। 

Image
শামারুখ মাহজাবিনকে হত্যা করা হয়েছে দাবি করে তার সহপাঠিদের মানববন্ধন (ফাইল ছবি)

শামারুখ মাহজাবিনকে হত্যা করা হয়েছে দাবি করে তার সহপাঠিদের মানববন্ধন (ফাইল ছবি)

শামারুখের স্বামী হুমায়ুনকে ঘটনার দিনই গ্রেপ্তার করে পুলিশ, নেওয়া হয় রিমান্ডেও। কয়েক মাস জেলে থাকার পর হাই কোর্ট থেকে জামিনে ছাড়া পান তিনি। অন্যদিকে টিপু সুলতান ও তার স্ত্রী হাই কোর্ট থেকে আগাম জামিন নেন।

হত্যা মামলার পর ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্তে আত্মহত্যার কথা উল্লেখের শামারুখের বাবা ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন।

তার আবেদনে আদালতের আদেশে এরপর কবর থেকে লাশ তুলে আবার ময়না তদন্ত হয়। তার ভিত্তিতে গত ২৯ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সী রুহুল কুদ্দুস আত্মহত্যা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেন।

ওই প্রতিবেদনের বিরুদ্ধে মামলার বাদী নুরুল ইসলাম নারাজি আবেদন দাখিল করলে গত ৫ মে উভয় পক্ষের শুনানি নেন বিচারক। বৃহস্পতিবার আদেশে আবেদনটি খারিজ করে দেন।