কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর কয়েদি সোহেল (৩২) মারা যান।
ঢাকার নবাবগঞ্জ থানার এক মাদক মামলায় ছয় মাসের বিনাশ্রম দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল নবাবগঞ্জ থানার আগলা খাঁর হাট এলাকার মুনসুর আলীর ছেলে।
ওই কারাগারের ডেপুটি জেলার মো. আবুল হোসেন জানান, বেলা পৌনে ১টার দিকে বুকে ব্যাথা অনুভব করেন সোহেল। এ সময় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে পরে বেলা আড়াইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্মকর্তা বলেন, সোহেলকে মাদকসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠায়। সেখান থেকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি তাকে কাশিমপুরের এ কারাগারে স্থানান্তর করা হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বলেন, সোহেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
