চট্টগ্রাম বিমান বন্দরে ১৮০০ কার্টন সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এক হাজার ৮০০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমান বন্দর কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা জানান, বৃহস্পতিবার বিকালে বিমান বন্দরের কার্গো থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।
সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার ফ্লাই এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই থেকে বিভিন্ন ব্রান্ডের এক হাজার ৮০০ কার্টন সিগারেট আনা হয়।
“গৃহস্থালি পণ্য ঘোষণা দিয়ে সিগারেটগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছিল, যার বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।”
এই শুল্ক কর্মকর্তা জানান, জব্দ করা কার্টনগুলোর মধ্যে বেনসন, থ্রি নট থ্রি ও গুরংগারাম ব্রান্ডের সিগারেট আছে।
সিগারেটগুলো কোন যাত্রী এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
