রাঙামাটির সাজেকে ডায়রিয়ায় ৫ জনের মৃত্যু
বিশুদ্ধ খাবার পানির অভাবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অর্ধশতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে দুর্গম ওই ইউনিয়নের শিয়ালদহলুই ও চাইল্যাতলি গ্রামে নারীসহ এ পাঁচজন মারা যান বলে রাঙামাটির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সুশোভন দেওয়ান জানান।
আর শিয়ালদহলুই এলাকার বাতোরায় ত্রিপুরা (৩৫) ও ভদ্রবাস ত্রিপুরা (৪৫) মারা যান বুধবার বিকালে।
ডা. সুশোভন দেওয়ান বলেন, “ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি মেডিকেল টিম রওনা হয়েছে।”
এলাকাটি দুর্গম হওয়ায় চিকিৎসক দল পৌঁছানোর আগ পর্যন্ত সাজেক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেখানে খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে বলে জানান ইউপি চেয়ারম্যান আতুল লাল চাকমা।
তিনি বলেন, শিয়াদালুই, চাইল্যাতলীসহ কয়েকটি গ্রামের বাসিন্দারা বিশুদ্ধ পানির অভাবে ছড়ার পানি পান করে। সাম্প্রতিক বৃষ্টির পর প্রচণ্ড গরমের মধ্যে সেখানে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।
বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা বলেন, ডায়রিয়ায় মৃত্যুর খবর পাওয়ার পর তারা বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
