কালশীতে জমির বিরোধে সংঘর্ষ, কলেজছাত্র নিহত
ঢাকার পল্লবীর উত্তর কালশী এলাকায় জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ ও এলাকাবাসী বলছে, স্থানীয় জয়েন উদ্দিনের ছেলে শাহীন উদ্দিন ও হাভেলী প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ভূমি উন্নয়নের কাজে থাকা ঠিকাদার মোমিন বখশের লোকজন বৃহস্পতিবার সকালে সংঘর্ষে জড়ালে হতাহতের এ ঘটনা ঘটে।
শাহীনের অভিযোগ, আবাসন কোম্পানি জোর করে তাদের জমি দখল করে নিয়েছে। অন্যদিকে হাভেলী প্রপার্টির মালিক লক্ষ্মীপুরের সাংসদ তরীকত ফেডারেশনের নেতা এম এ আওয়ালের দাবি, শাহীন চাঁদা দাবি করায় এ ‘গণ্ডগোল’।
নিহত আবদুর রহমান চঞ্চল মিরপুরের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি প্রথমবর্ষের ছাত্র ছিলেন। তিনি উত্তর কালশীর হারেস আলীর ছেলে।
কোনো পক্ষের সঙ্গে না থাকলেও ঘটনাচক্রে সংঘর্ষের মধ্যে পড়ে তিনি নিহত হন বলে পরিবারের সদস্যদের ভাষ্য।
সংঘর্ষে আহত হয়েছেন জয়েন উদ্দিনের ছেলে শাহীন (৩০) এবং অন্য পক্ষের রাজীব হোসেন (২৮) ও মোহাম্মদ আলী (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে রাজীবের বাঁ হাত ধারাল অস্ত্রের কোপে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদের শরীরেও আঘাতের ক্ষত রয়েছে বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান বলেন, “এম এ আওয়ালের সঙ্গে জয়েন উদ্দিনের বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। যারা আহত হয়েছে, তাদেরও আমরা গ্রেপ্তার করব।”
সে সময় চঞ্চল ওই এলাকায় তার বড় ভাই সাইফুলের মোবাইল ফোন মেরামতের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন বলে সাইফুলের শ্বশুর মো. সালাউদ্দিন জানান।
তিনি বলেন, “হঠাৎ দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে চঞ্চল মাঝে পড়ে কোপ খায়।”
আহত অবস্থায় চঞ্চলকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলেও পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত শাহীনের ভাই মইন উদ্দিন হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এলাকায় একসময় আমাদের পরিবারের প্রায় ২০ বিঘা জমি ছিল। এম এ আওয়াল তার সহযোগী মোমিন বখশকে দিয়ে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র দামে হাভেলীর নামে বেশিরভাগ জমি নিয়ে নিয়েছে।
“আমাদের তিন বিঘা জমি আমরা দেইনি। এ কারণে জোর জবরদস্তি করে মোমিন বখশ আমাদের জমিতে সাইনবোর্ড বসিয়ে দেয়। ওই জমি নিয়ে মামলাও আছে। আজ আমরা সাইনবোর্ড নামাতে গেলে মোমিনের লোকজন হামলা করে।”
অন্যদিকে মোমিনের সহযোগী মোহাম্মদ আলী দাবি করেন, “শাহীনরা জোর করে সাইনবোর্ড নামানোর চেষ্টা করলে আমরা বাধা দেই। তখন তারা আমাদের ওপর হামলা করে।”
দুই পক্ষই বলেছে, চঞ্চল তাদের লোক নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি জমি কিনে নেওয়ার পর জয়েন উদ্দিনের ছেলেরা ভূমি উন্নয়নের ঠিকাদারি নিতে চায়। কিন্তু তাদের চেয়ে ভাল রেট দেওয়ায় পেশাদার ঠিকাদার মোমিন বখশকে আমি কাজ দিই।
“মোমিন কাজ শুরু করার পর শাহীনসহ স্থানীয় কিছু লোক হুমকি দিতে থাকে। এরপর তারা মোমিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা চায়। এই চাঁদাবাজি আর ঠিকাদারি নিয়েই আজ গণ্ডগোল হয়েছে।”
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার নিসারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষ মারামারি করেছে। এতে চারজন আহত হয়েছিল, একজন মারা গেছে। তদন্তের পর বিস্তারিত বোঝা যাবে।”
